বাংলাদেশের অফিসিয়াল স্মার্টফোন বাজারে সম্প্রতি উন্মোচন করা হয়েছে অনার ম্যাজিক ভি৬ ফোল্ডেবল স্মার্টফোন। অত্যাধুনিক ডিসপ্লে, সর্বশেষ স্ন্যাপড্রাগন প্রসেসর, বড় ব্যাটারি এবং উন্নত ক্যামেরা ব্যবস্থার মতো একাধিক ফ্ল্যাগশিপ বৈশিষ্ট্য নিয়ে এসেছে ডিভাইসটি। বিশেষ করে পাতলা ডিজাইন, উচ্চ রিফ্রেশ রেটের ডুয়াল ডিসপ্লে এবং ফোল্ডেবল ফোন হিসেবে ওজনে হালকা হওয়ায় ডিভাইসটি বর্তমানে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
ফোনটির ভেতরের দিকে রয়েছে ৭ দশমিক ৯৫ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ২১৭২×২৩৫২ পিক্সেল, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর ভিভিড সমর্থন এবং সর্বোচ্চ ৫,০০০ নিটস পিক ব্রাইটনেস। বাইরের ৬ দশমিক ৪৫ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড কভার ডিসপ্লেতেও ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর সমর্থন এবং একই উজ্জ্বলতা পাওয়া যায়। দুটি ডিসপ্লেই স্টাইলাস ইনপুট সমর্থন করে।
হাই-পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৩ ন্যানোমিটারের কুয়াল্কম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, সঙ্গে ১৬ জিবি এলপিডিডিআর ৫এক্স আলট্রা র্যাম এবং ৫১২ জিবি ইউএফএস ৪ দশমিক ১ স্টোরেজ। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ডয়েড ১৬-ভিত্তিক ম্যাজিক ওএস ১০, যেখানে একাধিক এআইভিত্তিক ফিচারও যুক্ত করা হয়েছে।
ফোনটির ক্যামেরা বিভাগে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ওআইএস-সমৃদ্ধ প্রধান ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (৩ গুণ অপটিক্যাল জুম) এবং ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। ভেতরের ও বাইরের ডিসপ্লে—উভয় দিকেই রয়েছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রধান ও সেলফি—দুই ক্যামেরাতেই ফোর-কে ভিডিও রেকর্ডিং সমর্থন রয়েছে।
ফোনটিতে রয়েছে ৬ হাজার ৬৬০এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি, যা ৮০ ওয়াট ওয়্যার্ড, ৬৬ ওয়াট ওয়্যারলেস এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। পাশাপাশি আইপি৬৮ ও আইপি৬৯ পানি ও ধুলা প্রতিরোধী সনদ, ফাইভ-জি নেটওয়ার্ক, ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৬.০, এনএফসি, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্যাটেলাইট মেসেজিং সুবিধাও রয়েছে।
একটি ফোল্ডেবল ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো এর পুরুত্ব, যা এই ডিভাইসটির ক্ষেত্রে অনেক কম। খোলা অবস্থায় ফোনটির পুরুত্ব মাত্র ৪ দশমিক ১ মিলিমিটার, আর ওজন প্রায় ২১৯ গ্রাম, যা এটিকে বর্তমানে বাজারের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোনগুলোর একটি করে তুলেছে।
বাংলাদেশে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের বর্তমান অফিসিয়াল মূল্য ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)। ফোনটি বর্তমানে লাল, সোনালী, সাদা ও কালো- রঙের ৪টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।