বাংলাদেশের বাজারে মধ্যম বাজেটের গ্যালাক্সি এ২৭ ৫জি স্মার্টফোন আনুষ্ঠানিকভাবে লঞ্চ করলো স্যামসং। সদ্য বাজারে আসা স্যামসংয়ের নতুন ফোনটিতে রয়েছে বড় ও ইমার্সিভ ডিসপ্লে, পাতলা নকশা, শক্তিশালী চিপসেটের পাশাপাশি বিভিন্ন এআই সুবিধা এবং দীর্ঘমেয়াদি সফটওয়্যার ও নিরাপত্তা আপডেটের প্রতিশ্রুতি।
ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজল্যুশন ১০৮০ × ২৩৪০ পিক্সেল এবং রিফ্রেশ রেট সর্বোচ্চ ১২০ হার্টজ। এ২এক্স সিরিজে এবারই প্রথম ইনফিনিটি-ও পাঞ্চ-হোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। পাতলা এই ফোনটির ডাইমেনশন ১৬২ দশমিক ৪ × ৭৮ দশমিক ২ × ৭ দশমিক ৮ মিলিমিটার এবং ওজন মাত্র ২০০ গ্রাম।
সামনে ও পেছনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এবং প্লাস্টিক ফ্রেম রয়েছে। পানি ও ধুলা প্রতিরোধের জন্য রয়েছে আইপি ৬৪ রেটিং। হাই পারফরম্যান্সের জন্য ফোনটিতে ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সর্বোচ্চ ক্লক স্পিড ২.৪ গিগাহার্টজ। অফিসিয়াল বাজারে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ- এই দুইটি সংস্করণে পাওয়া যাচ্ছে ফোনটি।
এছাড়াও কেউ স্টোরেজ বাড়াতে চাইলে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ক্যামেরা বিভাগে পেছনে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সঙ্গে ৫ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। প্রধান ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা ওআইএস সমর্থন রয়েছে। আর সামনে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারি, সঙ্গে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন। সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক ওয়ান ইউআই ৮ দশমিক ৫। স্যামসাং ফোনটিতে আগামী ছয় প্রজন্মের অ্যান্ড্রয়েড ও ওয়ান ইউআই আপডেট এবং ছয় বছর নিরাপত্তা আপডেট দেওয়ার কথা জানিয়েছে। পাশাপাশি রয়েছে গ্যালাক্সি এআই ও গুগল জেমিনাইয়ের সমন্বয়ে কার্যকর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ইকোসিস্টেম এবং বিল্ট-ইন নক্স ভল্ট নিরাপত্তাব্যবস্থা।
বাংলাদেশে বর্তমানে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণটির অফিসিয়াল মূল্য ৪৮ হাজার ৯৯ টাকা। দেশের বাজারে এই সংস্করণটি কালো, হালকা সবুজ ও হালকা গোলাপি রঙে পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি সংস্করণ থাকলেও বাংলাদেশে সেগুলোর আনুষ্ঠানিক মূল্য ও প্রাপ্যতার তথ্য এখনও প্রকাশ করা হয়নি।