চ্যাটজিপিটি-গ্রকের বিশেষ সামরিক সংস্করণ চালু করলো পেন্টাগন

চ্যাটজিপিটি, গ্রক, জেমিনাইয়ের মতো পরিচিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)ভিত্তিক টুলগুলোর সামগ্রিক অবকাঠামো সাধারণ ব্যবহারকারীদের জন্য তৈরি করা। কিন্তু সামরিক ও প্রতিরক্ষা খাতে ব্যবহারের জন্য প্রয়োজন সংবেদনশীল তথ্য সুরক্ষার উপযোগী নিয়ন্ত্রিত ডেটা পরিবেশ ও বিশেষ নিরাপত্তাব্যবস্থা। সেই প্রয়োজনেই প্রায় ৩০ লাখ সামরিক ও বেসামরিক কর্মীর জন্য চ্যাটজিপিটি ও গ্রকের বিশেষ সংস্করণ চালু করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এগুলো সাধারণ ভোক্তাদের জন্য উন্মুক্ত সংস্করণ নয়। সামরিক ও প্রতিরক্ষা বিভাগের বিশেষ প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রিত ও নিরাপদ পরিবেশে ব্যবহারের জন্য এগুলো তৈরি করা হয়েছে।

পেন্টাগনের নিজস্ব কেন্দ্রীয় এআই প্ল্যাটফর্ম ‘জেনএআই.মিল’-এ ‘চ্যাটজিপিটি মিল’ ও ‘গ্রক ফর গভার্নমেন্ট’ যুক্ত করা হয়েছে, যাতে কর্মীরা একই নিয়ন্ত্রিত ও নিরাপদ পরিবেশে সরকারি কাজের জন্য এসব এআই টুল ব্যবহার করতে পারেন। প্ল্যাটফর্মটিতে আগে থেকেই গুগলের জেমিনাই অন্তর্ভুক্ত ছিল। নতুন সংযোজনের ফলে ব্যবহারকারীরা একই নিরাপদ ব্যবস্থার মধ্যে একাধিক শীর্ষস্থানীয় এআই মডেলের সুবিধা পাবেন এবং কাজের ধরন অনুযায়ী উপযুক্ত মডেল বেছে নিতে পারবেন। জেনএআই.মিল ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের প্রায় ৩০ লাখ সামরিক ও বেসামরিক কর্মীর মধ্যে ১৭ লাখের বেশি ব্যবহারকারীকে এই সুবিধার আওতায় এনেছে।

পেন্টাগনের মতে, সাধারণ ভোক্তা এআই সেবার পরিবর্তে এই সংস্করণগুলো ব্যবহারের অন্যতম কারণ সার্বিক নিরাপত্তা ও সুরক্ষিত নিয়ন্ত্রণ ব্যবস্থা। জেনএআই.মিল এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে সরকারি কর্মীরা সাধারণ বাণিজ্যিক এআই প্ল্যাটফর্মে সংবেদনশীল সরকারি তথ্য পাঠানোর প্রয়োজন ছাড়াই অনুমোদিত পরিবেশে কাজ করতে পারেন। সংবেদনশীল সরকারি তথ্য বাণিজ্যিক এআই টুলের কাছে পৌঁছে গেলে ‘শ্যাডো এআই’-সংক্রান্ত নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে, যা পরবর্তীতে বিশাল ডেটা ফাঁস হওয়ার মতো গুরুতর পর্যায়ে পৌছাতে পারে। চ্যাটজিপিটি মিল ও গ্রক ফর গভার্নমেন্ট উভয়ই ‘ইম্প্যাক্ট লেভেল ৫’(আইএল৫) অনুমোদনপ্রাপ্ত। এই নিরাপত্তা কাঠামো সংবেদনশীল সরকারি তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের সুযোগ দেয়, তবে সর্বোচ্চ স্তরের গোপনীয় তথ্য এর আওতায় পড়ে না।

চ্যাটজিপিটির সামরিক সংস্করণ চ্যাটজিপিটি মিল মূলত নথিনির্ভর ও দৈনন্দিন দাপ্তরিক কাজের জন্য ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। এতে চ্যাট, ফাইল ব্যবস্থাপনা, প্রজেক্ট তৈরি এবং কাস্টম জিপিটি ব্যবহারের মতো সুবিধা থাকবে। পরিকল্পনা প্রণয়ন, নীতিমালা তৈরি, প্রশাসনিক কাজ ও লজিস্টিকসসহ আনক্লাসিফাইড তথ্যভিত্তিক কাজ দ্রুত ও সহজ করতে এটি ব্যবহার করা যাবে। ভবিষ্যতে এতে আরও বিভিন্ন সুবিধা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

অন্যদিকে, গ্রক ফর গভার্নমেন্ট তুলনামূলকভাবে বিস্তৃত সামরিক ও কার্যক্রমভিত্তিক কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। পেন্টাগনের মতে, এটি কর্মীদের উৎপাদনশীলতা বাড়ানো, প্রতিষ্ঠানের জ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা এবং নিরাপদ সহযোগিতায় সহায়তা করতে পারে। এর সম্ভাব্য ব্যবহারক্ষেত্রের মধ্যে রয়েছে সামরিক সরঞ্জাম কেনার সঙ্গে সংশ্লিষ্ট বাজার বিশ্লেষণ এবং সরবরাহব্যবস্থা বা সাপ্লাই চেইন ব্যবস্থাপনার মতো কাজ।

এই উদ্যোগ পেন্টাগনের বৃহত্তর এআই পরিকল্পনার অংশ, যার লক্ষ্য একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের মডেলের ওপর নির্ভরশীল না হয়ে বিভিন্ন এআই প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরি করা। তবে প্ল্যাটফর্মটিতে এখনো অ্যান্থ্রপিকের ক্লড এআই যুক্ত হয়নি। নিরাপত্তা নীতি এবং এআই মডেলের সামরিক ব্যবহারের সীমা নিয়ে পেন্টাগনের সঙ্গে বিরোধের জেরে অ্যান্থ্রপিককে মার্কিন প্রতিরক্ষা সরবরাহ-শৃঙ্খলের জন্য ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নেওয়া ওই পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠার পর সম্প্রতি একটি ফেডারেল আদালত সেটিকে অবৈধ ও ভিত্তিহীন বলে রায় দিয়েছে।