ইনস্টাগ্রামে কী ধরনের ভিডিও পোস্ট করলে দর্শকের আগ্রহ বাড়তে পারে, কোন ধরনের কনটেন্ট আগে ভালো সাড়া পেয়েছে কিংবা কোনও রিলস প্রত্যাশিত ফল না পাওয়ার কারণ কী, এসব বিষয়ে নির্মাতাদের নিজস্ব অ্যাকাউন্টভিত্তিক তথ্য বিশ্লেষণ করে পরামর্শ দিতে নতুন এআই সহকারী চালু করেছে মেটা। ‘এডিটস অ্যাসিস্ট্যান্ট’ নামের এই সুবিধাটি মেটার ভিডিও এডিটিং অ্যাপ এডিটসের মধ্যে যুক্ত করা হয়েছে। সাধারণ এআইয়ের মতো সবার জন্য একই ধরনের পরামর্শ না দিয়ে এটি সংশ্লিষ্ট নির্মাতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পারফরম্যান্স ও দর্শকের আগ্রহের তথ্য বিশ্লেষণ করে পরামর্শ দেবে।
২০২৫ সালের এপ্রিলে ‘এডিটস’ অ্যাপটি মেটা কনটেন্ট নির্মাতাদের জন্য ভিডিও এডিটিং ও ক্রিয়েটিভ টুল হিসেবে চালু করে। নতুন এআই সহকারীকে মূলত ভিডিও তৈরির কাজ নিজে করে দেওয়ার পরিবর্তে নির্মাতার কনটেন্ট পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তার জন্য তৈরি করা হয়েছে। নির্মাতারা এআই সহকারীকে প্রশ্ন করে জানতে পারবেন, সাম্প্রতিক সময়ে কোন ধরনের ভিডিও তাদের অ্যাকাউন্টে ভালো পারফর্ম করেছে, কোনও নির্দিষ্ট রিলে ওয়াচটাইম কেন কম হলো কিংবা পরবর্তী ভিডিওতে কী ধরনের পরিবর্তন আনা যেতে পারে।
এমন পরামর্শ দেওয়ার জন্য এডিটস অ্যাসিস্ট্যান্ট নির্মাতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিভিন্ন মেট্রিক বিশ্লেষণ করবে। এর মধ্যে ফলো, ভিডিও ভিউ, লাইক, শেয়ার এবং দর্শক কতক্ষণ ভিডিও দেখেছেন, সেই রিটেনশন ডেটা রয়েছে। পাশাপাশি নির্মাতার পোস্টের মন্তব্য, ইনস্টাগ্রামে চলমান ট্রেন্ড এবং সংশ্লিষ্ট দর্শকের আগ্রহও বিবেচনায় নেওয়া হবে। ফলে শুধু কোনও একটি ভিডিও কত বেশি ভিউ পেয়েছে, তা বিবেচনা না করে সময়ের সঙ্গে বিভিন্ন কনটেন্টের পারফরম্যান্সের ধরণ বিশ্লেষণ করে সেই অনুযায়ী পরামর্শ দেবে এই এআই অ্যাসিস্ট্যান্ট।
বিশ্লেষিত তথ্যের ভিত্তিতে নতুন ভিডিওর ধারণা, ভিডিওর শুরুতে দর্শকের দৃষ্টি আকর্ষণের জন্য ‘হুক’, ক্যাপশন ও স্ক্রিপ্টের পরামর্শ দিতে পারবে এটি। নির্মাতার আগের কনটেন্টের ধরন ও পারফরম্যান্সের সঙ্গে মিলিয়ে ট্রেন্ডিং অডিও ব্যবহারের পরামর্শও দিতে পারবে। অর্থাৎ কোনও সাধারণ ট্রেন্ডের তালিকা দেওয়ার বদলে নির্মাতার নিজস্ব কনটেন্টের সঙ্গে কোন বিষয় বা ফরম্যাট বেশি মানানসই হতে পারে, সেটি খুঁজে বের করাই এর অন্যতম লক্ষ্য।
মেটার এডিটস দলের প্রধান ব্রেট ওয়েস্টারভেল্ট জানিয়েছেন, নির্মাতাদের কাছ থেকে পাওয়া একটি গুরুত্বপূর্ণ মতামত ছিল, এআই যেন কনটেন্ট বিশ্লেষণের কাজটি করে দেয়, কিন্তু সৃজনশীল সিদ্ধান্ত যেন নির্মাতার হাতেই থাকে। সেই ধারণা থেকেই সহকারীটি তৈরি করা হয়েছে। কয়েক মাস ধরে নির্বাচিত নির্মাতাদের নিয়ে এর প্রাথমিক সংস্করণ পরীক্ষা করা হয়েছে এবং তাদের মতামতের ভিত্তিতে সুবিধাগুলো তৈরি করা হয়েছে।
এডিটস অ্যাসিস্ট্যান্ট বর্তমানে বিনা মূল্যে ব্যবহার করা যাবে, তবে প্রতিদিন এআইকে প্রশ্ন করার জন্য নির্ধারিত ব্যবহার সীমা থাকবে। বেশি ব্যবহারের জন্য মেটা ওয়ান সাবস্ক্রিপশনের মাধ্যমে অতিরিক্ত সুবিধা পাওয়ার সুযোগ থাকবে। মেটা জানিয়েছে, ভবিষ্যতে ‘এডিটস প্লাস’ সুবিধাও মেটা ওয়ান সাবস্ক্রিপশনের অংশ হবে। এতে বিভিন্ন ডিভাইসে এডিটস প্রকল্প ব্যবহারের জন্য অতিরিক্ত ক্লাউড স্টোরেজের পাশাপাশি এআই অ্যাসিস্ট্যান্ট বেশি ব্যবহারের সুযোগ থাকবে। মেটা ওয়ানের ক্রিয়েটর ও ব্যবসায়িক প্ল্যানের মাসিক মূল্য ১৪ দশমিক ৯৯ ডলার থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৪৯৯ ডলার পর্যন্ত।