জেমিনাইয়ের ফ্রি অ্যাকাউন্টে আর মিলবে না ফ্ল্যাশ ও প্রো, উন্নত মডেলে লাগবে সাবস্ক্রিপশন

এতদিন জেমিনাই-এর ফ্ল্যাশ ও প্রো মডেল বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকায় উন্নত এআই সুবিধা পাওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের কাছে গুগলের এই সেবাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। তবে আগামী ৯ অক্টোবর থেকে বিনামূল্যের অ্যাকাউন্টে আর কাজ করবে না এই মডেল দুটি। এর পরিবর্তে জেমিনির সবচেয়ে সাশ্রয়ী মডেল, ফ্ল্যাশ-লাইটই বিনামূল্যের অ্যাকাউন্টে ব্যবহারকারীদের বিভিন্ন প্রম্পটের উত্তর দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে জেমিনাই অ্যাপ ও ওয়েব সংস্করণে ব্যবহারকারীরা ফ্ল্যাশ-লাইট, ফ্ল্যাশ ও প্রো, এই তিন ধরনের মডেলের মধ্যে প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারেন। ফ্ল্যাশ মডেল তুলনামূলক দ্রুত উত্তর দেওয়ার পাশাপাশি সাধারণ ও জটিল, দুই ধরনের কাজই সামলাতে পারে।

অন্যদিকে প্রো মডেল জটিল গাণিতিক সমস্যা, কোডিং, গবেষণা ও দীর্ঘ নথি বিশ্লেষণের মতো কাজে বেশি কার্যকর। তবে ৯ অক্টোবর থেকে যেসব ব্যবহারকারীর কোনও গুগল এআই সাবস্ক্রিপশন নেই, তারা শুধু ফ্ল্যাশ-লাইট মডেলটিই ব্যবহার করতে পারবেন।

ফ্ল্যাশ-লাইট জেমিনাইয়ের সবথেকে সাশ্রয়ী মডেল হলেও, এটি বাকি মডেলগুলোর তুলনায় সবথেকে দ্রুত রেসপন্স জেনারেট করতে সক্ষম। তবে যুক্তি-খণ্ডন অথবা উচ্চ-সক্ষমতার মানদণ্ডে এই মডেলটি ফ্ল্যাশ ও প্রো-এর তুলনায় কিছুটা পিছিয়ে। গুগলের এই পরিবর্তন বাংলাদেশেও প্রযোজ্য হবে।

পরিবর্তনটি শুধু বিনামূল্যের অ্যাকাউন্টেই সীমাবদ্ধ থাকছে না। যুক্তরাষ্ট্রে মাসে ৪ দশমিক ৯৯ ডলারের গুগল এআই প্লাস গ্রাহকেরাও ৯ অক্টোবরের পর থেকে প্রো মডেল ব্যবহারের সুযোগ হারাবেন। তারপর থেকে এই প্ল্যানে শুধু ফ্ল্যাশ-লাইট ও ফ্ল্যাশ মডেলই ব্যবহার করা যাবে বলে জানিয়েছে গুগল। প্রো মডেল ব্যবহার করতে হলে গুগল এআই প্রো প্ল্যান কিনতে হবে, যার মাসিক মূল্য ১৯ দশমিক ৯৯ ডলার। আর এআই আলট্রা প্ল্যানে মাসিক মূল্য শুরু ৯৯ দশমিক ৯৯ ডলার থেকে।

একই সঙ্গে জেমিনাইতে প্রতিটি মডেলের জন্য ‘এফোর্ট লেভেল’ নামে নতুন এক নিয়ন্ত্রণব্যবস্থা যুক্ত করতে যাচ্ছে গুগল। এতে কম, মাঝারি ও বেশি, তিন ধরনের স্তর বেছে নেওয়া যাবে। বেশি স্তর নির্বাচন করলে মডেল কোনো প্রশ্নের উত্তর তৈরিতে বেশি সময় নিয়ে আরও গভীরভাবে কাজ করবে, তবে এতে ব্যবহারের সীমাও দ্রুত শেষ হবে। এআই আলট্রা গ্রাহকেরা জেমিনাইয়ের সর্বোচ্চ পর্যায়ের যুক্তিনির্ভর কাজের জন্য ‘ডিপ থিঙ্ক’ সুবিধাও পাবেন।

গুগল এই পরিবর্তনের পেছনে নির্দিষ্ট কোনও কারণ অবশ্য জানায়নি। তবে নতুন ব্যবস্থায় উন্নত মডেল ও তুলনামূলক বেশি কম্পিউটিং ক্ষমতা প্রয়োজন, এমন সুবিধাগুলো উচ্চমূল্যের সাবস্ক্রিপশন প্ল্যানের আওতায় রাখা হচ্ছে। একই সময়ে গুগল জেমিনাইয়ের নতুন প্রজন্মের মডেলও প্রস্তুত করছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য জেমিনাই ৪ আর্গন উন্মুক্ত হলে এআই আলট্রা গ্রাহকেরা সেটি ব্যবহারের সুযোগ পাবেন। বর্তমানে মডেলটি গুগলের ফেয়ারউইন্ড প্রোগ্রামের মাধ্যমে সরকার ও নির্বাচিত অংশীদারদের মধ্যে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হচ্ছে।