ওপেনএআই-এ গোপন নজরদারি: গ্রেফতার প্রকৌশলী কে এই আলফোজান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণাকারী মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআই-এর সান ফ্রান্সিসকো কার্যালয়ে গোপনে রেকর্ডার বসিয়ে নজরদারির অভিযোগে সাবেক এক প্রকৌশলীকে গ্রেফতা করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। গ্রেফতার ব্যক্তির নাম আব্দুর রহমান আলফোজান (৩৫)।

বুধবার মার্কিন বিচার বিভাগ (ডিডিওজে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি প্রকাশ্যে আনে। বিচার বিভাগ জানায়, গত ৯ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং আড়াই লাখ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

৩৫ বছর বয়সী আলফোজান যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা ও সৌদি আরবের নাগরিক। ২০২৩ সালের জুলাইয়ে তিনি ওপেনএআই-তে ইঞ্জিনিয়ারিং লিড হিসেবে যোগ দেন। এর আগে তিনি মেটা, মাইক্রোসফট ও এসএপির মতো টেক জায়ান্ট কোম্পানিতে কাজ করেছেন। এ ছাড়া তিনি রিয়াদভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান রায়েদ ভেঞ্চারস-এর ভেঞ্চার পার্টনার ছিলেন। গ্রেফতারের পরপরই ওপেনএআই তার চুক্তি বাতিল করেছে।

প্রসিকিউটরদের দাবি, ওপেনএআই-এর প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ পরিকল্পনা সংক্রান্ত সংবেদনশীল আলোচনা রেকর্ড করতে কার্যালয়ের একটি এক্সিকিউটিভ কনফারেন্স রুমে একটি গোপন রেকর্ডার বসিয়েছিলেন আলফোজান।

মামলার নথি সূত্রে জানা যায়, কীভাবে গোপনে অডিও রেকর্ড করা যায়, তা শিখতে গত সেপ্টেম্বরে নিজের স্ত্রীর এআই চ্যাটবট অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন আলফোজান। ৩০ সেপ্টেম্বর টিভির পেছনে ইউএসবি পোর্টে টিস্যু পেপারে মোড়ানো বুড়ো আঙুল আকারের একটি ডিভাইস উদ্ধার করেন কর্মীরা। ডিভাইসটিতে একটি মাইক্রোফোন, একটি ক্যামেরা সেন্সর ও মাইক্রোএসডি কার্ড যুক্ত ছিল। ডিভাইসটি এনক্রিপ্ট করা থাকায় এর তথ্য উদ্ধার করা যায়নি।

ডিভাইসটি উদ্ধারের পর ওপেনএআই তাদের নিজস্ব এআই মডেল ও ডিজিটাল ফরেনসিক টুল ব্যবহার করে সেটির উৎস সন্ধান করে এবং আলফোজানকে শনাক্ত করে এফবিআইকে জানায়। সিসিটিভি ফুটেজেও আলফোজানকে ওই কক্ষের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। গত ৫ অক্টোবর তার রেখে যাওয়া একটি ব্যাগ থেকে পুলিশ তার পরিচয়পত্র এবং প্রথমটির মতোই দেখতে আরেকটি রেকর্ডার জব্দ করে।

তার বিরুদ্ধে একটি ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আড়ি পাতার অভিযোগ আনা হয়েছে। তবে ওপেনএআই জানিয়েছে, এখন পর্যন্ত কোনও গোপন তথ্য বা ব্যবহারকারীর ডাটা হাতছাড়া হওয়ার প্রমাণ মেলেনি। মার্কিন ক্যালিফোর্নিয়া উত্তর জেলা আদালতে তার বিচারকাজ চলবে।

সূত্র: ইন্ডিয়া টুডে