টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোর-জি সম্প্রসারণে জেডটিইকে কার্যাদেশ

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোর-জি সেবা সম্প্রসারণের লক্ষ্যে চীনা প্রতিষ্ঠান জেডটিই’কে ‘নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড’ (নোয়া) বা কার্যাদেশ দেওয়া হয়েছে। ‘প্রকিউরমেন্ট অব ফোর-জি অন ৭০০ মেগাহার্টজ’ শীর্ষক ক্রয়ের জন্য আজ এই কার্যাদেশ প্রদান করা হয়।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী জেডটিই’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাও জুনইয়ংয়ের হাতে এই কার্যাদেশ তুলে দেন।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭০০ মেগাহার্টজ ব্যান্ড চালু টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কম ফ্রিকোয়েন্সির এই ব্যান্ডের রেডিও সিগন্যাল বেশি দূর পর্যন্ত যেতে পারায় তা গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে মোবাইল নেটওয়ার্কের পরিধি বাড়াতে এবং শহরাঞ্চলে ভবনের ভেতরে ইন-বিল্ডিং সংযোগ উন্নত করতে সাহায্য করবে। এর ফলে গ্রাহকরা আরও উন্নত ও নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা পাবেন।

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর হিসেবে সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও মানসম্মত ডিজিটাল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে টেলিটক বদ্ধপরিকর। এই উদ্যোগ কোম্পানির নেটওয়ার্ক উন্নয়ন এবং ভবিষ্যতে প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।