২০ বছরের পুরোনো নকিয়া ফোনে এবার ব্যবহার করা যাবে এআই

প্রায় ২০ বছর আগের সাধারণ ফিচার ফোনেও এখন ব্যবহার করা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট। পুরোনো নকিয়া ৬৩০০ ফোনে চ্যাটজিপিটি, গুগল জেমিনি, ক্লড ও গ্রক ব্যবহারের সুযোগ তৈরি করেছেন তুরস্কের উদ্যোক্তা এমির কারসিয়াকালি। এ জন্য তিনি তৈরি করেছেন ‘আইকন’ নামের একটি অ্যাপ, যার মাধ্যমে আধুনিক স্মার্টফোনের অনেক সুবিধা না থাকলেও পুরোনো ফোনে এআই চ্যাটবটের সঙ্গে অনেকটা স্মার্টফোনের মতোই চ্যাট করা সম্ভব হবে। তবে অ্যাপটি চালাতে আলাদা সার্ভার ও এপিআই ব্যবহারের ব্যবস্থা থাকা আবশ্যক।

২০০৭ সালে বাজারে আসা নকিয়া ৬৩০০ সে সময় জনপ্রিয়তা পেয়েছিল এর সাধারণ নকশা, তুলনামূলক সাশ্রয়ী দাম ও সহজে ব্যবহারের উপযোগী সফটওয়্যারের কারণে। তবে ফোনটির মূল সংস্করণে রয়েছে ২জি নেটওয়ার্ক এবং পুরোনো ওয়েব ব্রাউজার। ব্রাউজারটি শুধু টিএলএস ১.০ পর্যন্ত ইন্টারনেট নিরাপত্তা প্রোটোকল সমর্থন করে। ২০২০ সালে অ্যাপল, গুগল, মাইক্রোসফট ও মজিলা এই পুরোনো প্রোটোকলের সমর্থন বন্ধের উদ্যোগ নেয়। ফলে আধুনিক ওয়েবসাইটের বড় অংশই ফোনটির ব্রাউজারে খোলা কঠিন হয়ে পড়েছে।

এই সীমাবদ্ধতা কাটাতে প্রথমে ‘ক্লড এস৪০’ নামে একটি অ্যাপ তৈরি করেছিলেন কারসিয়াকালি। পরে চ্যাটজিপিটি, জেমিনি ও গ্রকসহ একাধিক চ্যাটবট ব্যবহারের সুবিধা যুক্ত করে অ্যাপটির নাম দেন আইকন। নকিয়ার নাম উল্টো করে রাখার ধারণা থেকেই এ নাম বেছে নেওয়া হয়েছে। অ্যাপটি নকিয়ার এস৪০ ও এস৬০ অপারেটিং সিস্টেমচালিত ফোনে ব্যবহারের জন্য তৈরি।

আইকন চালাতে একটি গো সার্ভার প্রয়োজন, যেখানে অ্যানথ্রপিক, গুগল, ওপেনএআই বা স্পেসএক্সএসআইয়ের এপিআই কী সংরক্ষণ করতে হবে। সার্ভারটি চ্যাটবটের সঙ্গে যোগাযোগ করে তাদের উত্তরকে সর্বোচ্চ ৮ কিলোবাইটের খণ্ডে সাজায়, যাতে পুরোনো ফোনের সীমিত সক্ষমতায় তা পড়া যায়। এপিআই ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সেবাদাতার টোকেনভিত্তিক বিলিংও চালু করতে হবে।

ফোনটির ২৪০ বাই ৩২০ পিক্সেলের ছোট পর্দায় উত্তর পড়তে অ্যাপটিতে রয়েছে বিশেষ রিডিং মোড ও কীপ্যাড শর্টকাট। মেমোরি কার্ড থাকলে চ্যাটবটের উত্তর সংরক্ষণ করে অফলাইনেও পড়া যায়। ছবি পাঠিয়ে বিশ্লেষণ করানো এবং সর্বোচ্চ ৩০ সেকেন্ডের ভয়েস মেসেজ পাঠানোর সুবিধাও রয়েছে। ভয়েস মেসেজকে লেখায় রূপান্তর করতে ওপেনএআইয়ের একটি মডেল ব্যবহার করা হয়। সার্ভারে বার্তা সর্বোচ্চ ৩০ দিন রাখা হয়। ইংরেজিসহ আটটি ভাষা সমর্থন করে অ্যাপটি। কারসিয়াকালি এর কোড উন্মুক্ত করেছেন, যাতে অন্যরাও উন্নয়নে অবদান রাখতে পারেন।

তবে পুরোনো নকিয়া ৬৩০০ ফোনে আইকন ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট অঞ্চলে ২জি নেটওয়ার্ক চালু থাকতে হবে। যেসব দেশে অপারেটররা ২জি নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, সেখানে ফোনটির মাধ্যমে অ্যাপটি ব্যবহার করা সম্ভব হবে না। আগ্রহীরা গিটহাব থেকে আইকনের কোড সংগ্রহ করে ইনস্টলেশনের নির্দেশনা অনুসরণ করে আইকন ব্যবহার করতে পারবেন। তবে অ্যাপটি চালাতে নিজস্ব সার্ভার ও সংশ্লিষ্ট এআই সেবার এপিআই কী প্রয়োজন হবে।