মেসেঞ্জারের মতো ইনস্টাগ্রামেও আসছে মেসেজিং অ্যাপ

ফেসবুকের জন্য আলাদা মেসেজিং অ্যাপ মেসেঞ্জার থাকলেও এত দিন ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের বার্তা আদান-প্রদানের জন্য অ্যাপটির অভ্যন্তরীণ ডিএম (ডিরেক্ট মেসেজ) সুবিধার ওপর নির্ভর করতে হতো। এবার ইনস্টাগ্রামের বার্তা আদান-প্রদানের সুবিধাগুলো আলাদা অ্যাপে ব্যবহারের সুযোগ তৈরি করছে মেটা। ‘ডিরেক্ট’ নামের নতুন অ্যাপটিতে ইনস্টাগ্রামের ইনবক্সের সুবিধাগুলো পাওয়া যাবে। এমনকি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকলেও ফোন নম্বর বা ই-মেইল ঠিকানা দিয়ে অ্যাপটিতে নিবন্ধন করা যাবে। বর্তমানে তুরস্ক ও থাইল্যান্ডে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে অ্যাপটি চালু করা হয়েছে।

ডিরেক্ট অ্যাপের ইন্টারফেস অনেকটাই ইনস্টাগ্রামের বার্তা আদান-প্রদানের ডিএম অংশের মতো। যাদের আগে থেকেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, তারা তাদের অ্যাকাউন্টের ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন। এতে ইনস্টাগ্রামে থাকা আগের কথোপকথনগুলো স্বয়ংক্রিয়ভাবে ডিরেক্ট অ্যাপে যুক্ত হবে। ফলে দুই অ্যাপের যেকোনো একটি ব্যবহার করেই একই কথোপকথন চালিয়ে যাওয়া যাবে। তবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছাড়া নিবন্ধন করলে বন্ধুদের সঙ্গে যোগাযোগের জন্য তাদের সঠিক ইনস্টাগ্রাম ইউজারনেম লিখে অথবা কিউআর কোড স্ক্যান করে কন্ট্যাক্টের তালিকায় যুক্ত করতে হবে।

বার্তা আদান-প্রদানের অভিজ্ঞতা আরও আকর্ষণীয় করতে এতে কয়েকটি বাড়তি সুবিধাও রেখেছে মেটা। ‘ড্র’ নামক নতুন একটি সুবিধায় চ্যাটের মধ্যেই ছবি আঁকা বা স্কেচ করা যাবে। ফেসবুক-মেসেঞ্জারের মতো এই অ্যাপটিতেও ‘নোটস’ সুবিধাটি রাখা হয়েছে, যা ব্যবহার করে বন্ধুদের সঙ্গে ছোট বার্তা বা তাৎক্ষণিক আপডেট শেয়ার করা যাবে। এ ছাড়া নিজের পছন্দমতো স্টিকার তৈরি, কণ্ঠস্বরের সঙ্গে বিভিন্ন শব্দের ইফেক্ট যুক্ত করা এবং আলাদা চ্যাটের জন্য কনটেক্সচুয়াল থিম পরিবর্তনের সুবিধা রয়েছে।

কিশোর ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রেখেছে মেটা। অ্যাপটিতে অপরিচিত বা আগে থেকে যোগাযোগ নেই, এমন ব্যক্তিরা সরাসরি বার্তা পাঠিয়ে কথোপকথন শুরু করতে পারবেন না। প্রয়োজনে ব্যবহারকারীরা কাউকে ব্লক, রিপোর্ট বা যোগাযোগের তালিকা থেকে সরিয়ে দিতে পারবেন। অভিভাবকেরা মেটার প্যারেন্টাল সুপারভিশন সুবিধা ব্যবহার করে তাদের কিশোর সন্তানের সঙ্গে কারা কথা বলছে এবং কতক্ষণ অ্যাপটি ব্যবহার করছে, তা পর্যবেক্ষণ করতে পারবেন। এ ছাড়া অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে অনুপযুক্ত যোগাযোগ শনাক্তে আরও উন্নত প্রযুক্তি ব্যবহারের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। ডিরেক্ট অ্যাপটি ব্যবহারের ন্যূনতম বয়স ধার্য করা হয়েছে ১৩ বছর।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি প্রায়ই বলে থাকেন, প্ল্যাটফর্মটিতে সবচেয়ে বেশি ব্যবহৃত সুবিধা হলো মেসেজিং বা চ্যাটিং। সেই ব্যবস্থাকে আলাদা অ্যাপে নিয়ে আসার মাধ্যমে মেটা মেসেজিং সেবার ব্যবহার আরও বাড়াতে চায়। তবে তুরস্ক ও থাইল্যান্ডের বাইরে বিশ্বব্যাপী কবে অ্যাপটি চালু হবে, সে বিষয়ে এখনো কোনো সময়সূচি জানায়নি প্রতিষ্ঠানটি। পরীক্ষামূলক কার্যক্রমের ফল ইতিবাচক হলে আরও দেশে এটি চালুর বিষয়টি বিবেচনা করা হবে।