চাবি-পাসপোর্ট কোথায় রেখেছেন মনে থাকে না? গুগলের এই সুবিধা জানলে ভুলে যাওয়ার দিন শেষ

জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্মসনদ অথবা গাড়ি-বাড়ির চাবির মতো দৈনন্দিন ব্যবহার্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র প্রয়োজনের সময় খুঁজে না পাওয়ার সমস্যা প্রতিনিয়ত অনেককেই ভোগায়। এবার গুগল ফাইন্ড হাব ও জেমিনাইয়ের নতুন সুবিধা কোনও ট্র্যাকার ট্যাগ ছাড়াই এই সমস্যাটি থেকে পরিত্রাণ দেবে।

সুবিধাটি কোনও বস্তুর রিয়েল-টাইম অবস্থান শনাক্ত করে না। বরং ব্যবহারকারী ফাইন্ড হাবে যে সর্বশেষ অবস্থানের তথ্য সংরক্ষণ করবেন, গুগল জেমিনির সহায়তায় পরে সেটিই মনে করিয়ে দেবে। সুবিধাটি অ্যান্ড্রয়েড ১৬ বা পরবর্তী সংস্করণের ফোনে এবং জেমিনি ও ফাইন্ড হাব সমর্থিত অঞ্চলে ব্যবহার করা যাবে।

সুবিধাটি চালু করতে প্রথমে ফোনে ফাইন্ড হাব সক্রিয় করতে হবে। এ জন্য ‘সেটিংস’ থেকে ‘গুগল’, এরপর ‘অল সার্ভিসেস’ এবং ‘ফাইন্ড হাব’ অপশনে গিয়ে সেটি চালু করা যাবে। ফোনে ফাইন্ড হাব অ্যাপ না থাকলে সেটি আগে ইনস্টল করতে হবে। একই সঙ্গে জেমিনাই অ্যাপ ও ফাইন্ড হাব অ্যাপে একই গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন থাকতে হবে। এরপর জেমিনাইকে ফোনের ডিফল্ট ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নির্বাচন করতে হবে।

এরপর কোনও জিনিস কোথায় রেখেছেন, তা সংরক্ষণ করতে জেমিনিকে সক্রিয় করে স্বাভাবিক ভাষায় নির্দেশ দিতে হবে। যেমন, ‘হেই গুগল, ফাইন্ড হাবে মনে রাখো, আমার পাসপোর্টটি বেডরুমের ড্রয়ারে রাখা আছে।’ জেমিনাই নির্দেশটি গ্রহণ করে ফাইন্ড হাবে উক্ত জিনিসটির নাম ও রাখার স্থান সংরক্ষণ করবে। পরে ফাইন্ড হাবের ‘রিমেম্বার্ড’ বিভাগে গিয়ে সংরক্ষিত তথ্য দেখা যাবে।

কোনও জিনিসের সঙ্গে বাড়তি তথ্য রাখতে চাইলে ফাইন্ড হাবের ‘রিমেম্বার্ড’ বিভাগে গিয়ে সেটি নির্বাচন করা যাবে। সেখানে জিনিসটি কোথায় রাখা হয়েছে তার বিস্তারিত স্থান, ঠিকানা, নোট এবং ছবি যোগ করার সুযোগ রয়েছে। ফলে একই ধরনের কোনও জিনিস একাধিক জায়গায় রাখলে নির্দিষ্ট স্থানটি মনে রাখা সহজ হবে।

জেমিনাই ব্যবহার না করেও সরাসরি ফাইন্ড হাব অ্যাপ থেকে তথ্য সংরক্ষণ করা যায়। এ জন্য অ্যাপের ‘রিমেম্বার্ড’ বিভাগে গিয়ে ‘অ্যাড’ অপশনে চাপ দিতে হবে। এরপর কাঙ্ক্ষিত জিনিসটির নাম, কোথায় রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত তথ্য লিখে ‘সেভ’ করতে হবে।

পরবর্তী সময়ে সংরক্ষণ করা কোনও জিনিসের অবস্থান জানতে জেমিনিকে প্রশ্ন করলেই হবে। যেমন, ‘হেই গুগল, আমার পাসপোর্ট কোথায় রেখেছি?’ বললে জেমিনাই ফাইন্ড হাবে সংরক্ষিত সর্বশেষ অবস্থান জানাবে এবং সংশ্লিষ্ট তথ্য দেখার জন্য ফাইন্ড হাবের লিংকও দিতে পারে। চাইলে সরাসরি ফাইন্ড হাবের ‘রিমেম্বার্ড’ বিভাগ খুলেও সব সংরক্ষিত জিনিসের তালিকা দেখা যাবে।

কোনও জিনিস পরে অন্য জায়গায় সরিয়ে রাখলে আগের তথ্যও পরিবর্তন করা যাবে। এ ক্ষেত্রে জেমিনাইকে নতুন অবস্থান জানিয়ে ‘আপডেট’ বা ‘মুভ’ করার নির্দেশ দিতে হবে। আবার ফাইন্ড হাবের ‘রিমেম্বার্ড’ বিভাগে গিয়ে নির্দিষ্ট জিনিস নির্বাচন করেও তার পরিবর্তিত অবস্থান ঠিক করা যায়।