চার্জে লাগিয়ে ম্যাকবুক ব্যবহার করা কি ব্যাটারির জন্য ক্ষতিকর?

কাজের মাঝপথে ম্যাকবুকের চার্জ শেষ হয়ে যাওয়া যে কারও জন্যই বিরক্তিকর। তাই অনেকে সার্বক্ষণিক ল্যাপটপ চার্জারে প্লাগ ইন করে ব্যবহার করেন। তবে এতে ব্যাটারির ক্ষতি হতে পারে বলে অনেকের মনে সংশয় থাকে। আধুনিক ম্যাকবুকে লিথিয়াম ব্যাটারি ও স্মার্ট চার্জিং সফটওয়্যার ব্যবহারের ফলে সারাক্ষণ চার্জে রেখে ব্যবহার করলেও ব্যাটারির সাধারণত কোনও ক্ষতি হয় না।

তবে ঝড়-বৃষ্টি, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট কিংবা অতিরিক্ত উত্তাপের মতো বাহ্যিক কারণগুলো ব্যাটারির আয়ু কমাতে পারে। ব্যাটারির স্বাস্থ্য দীর্ঘমেয়াদে ভালো রাখার জন্য কিছু কার্যকর বিষয় মেনে চলা প্রয়োজন।

চার্জে রেখে নাকি ব্যাটারিতে ব্যবহার উত্তম?

সংক্ষিপ্ত উত্তর হলো, এতে সাধারণত বড় কোনও তফাত তৈরি হয় না। ম্যাক অপারেটিং সিস্টেমে থাকা ফিচারগুলো ব্যাটারির তাপমাত্রা ও ব্যবহারকারীর চার্জিং প্যাটার্ন পর্যবেক্ষণ করে স্বয়ংক্রিয়ভাবে চার্জিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। ক্যাটালিনা ১০.১৫.৫ (২০১৯ সালে প্রকাশিত) বা তার পরবর্তী ভার্সনের ম্যাকবুকে ‘ব্যাটারি হেলথ ম্যানেজমেন্ট’ ফিচারটি ডিফল্টভাবে চালু থাকে। ফলে ব্যাটারি ১০০ শতাংশ পূর্ণ হলেও সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সুবিধাজনক সময়ে চার্জ গ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখে। ফিচারটি বন্ধ থাকলে ‘System Settings’ থেকে ‘Battery’ এবং সেখান থেকে ‘Battery Health’-এ গিয়ে আবার চালু করা সম্ভব।

দীর্ঘমেয়াদে ব্যাটারির স্বাস্থ্য সুরক্ষার উপায়

ম্যাকবুকের ব্যাটারির বর্তমান অবস্থা দেখতে ‘System Settings’ থেকে ‘Battery’-তে গিয়ে ‘Battery Health’ অপশনটি পরীক্ষা করা যায়। সেখানে সাধারণত ‘Normal’ অথবা ‘Service Recommended’ লেখা থাকে। অ্যাপলের পরামর্শ অনুযায়ী, ব্যাটারির ধারণক্ষমতা ৮০ শতাংশের নিচে না নামা পর্যন্ত সেটি পরিবর্তনের প্রয়োজন নেই।

দীর্ঘদিনের জন্য ল্যাপটপ বন্ধ করে রেখে দেওয়ার ক্ষেত্রে ব্যাটারি সম্পূর্ণ চার্জ না করে প্রায় ৫০ শতাংশ চার্জ রেখে তুলে রাখার পরামর্শ দেয় অ্যাপল। কারণ সম্পূর্ণ চার্জ করা অবস্থায় দীর্ঘদিন ফেলে রাখলে ব্যাটারির আয়ু কমে যেতে পারে।

তবে ব্যাটারির সবচেয়ে বড় শত্রু হলো অতিরিক্ত তাপমাত্রা। রোদের মধ্যে বা গরম পরিবেশে কাজ করার সময় চার্জে রেখে ব্যবহার করলে ব্যাটারি দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে। অ্যাপল অনুযায়ী, ম্যাকবুক এয়ারের জন্য অনুকূল তাপমাত্রা ৫০ ডিগ্রি থেকে ৯৫ ডিগ্রি ফারেনহাইট (১০ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস)। এ ছাড়া ল্যাপটপের কভার বা স্ট্যান্ডের কারণে বাতাস চলাচল বাধাগ্রস্ত হয়ে ডিভাইস গরম হচ্ছে কি না, সেদিকেও নজর রাখা জরুরি। ব্যাটারি ঠাণ্ডা রাখাই এর স্থায়িত্ব বাড়ানোর সবচেয়ে সহজ উপায়।

সূত্র: এনগ্যাজেট