হোয়াটসঅ্যাপে স্টোরেজ ফুল? মেমরি খালি করার সহজ উপায়

বিশ্বজুড়ে সর্বাধিক ব্যবহৃত তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানকারী মাধ্যম হোয়াটসঅ্যাপ। তবে চ্যাট বক্সে আদান-প্রদান করা ছবি, ভিডিও, ফাইল এবং অন্যান্য মিডিয়া ফাইলের কারণে ব্যবহারকারীদের স্মার্টফোনের মেমরি বা স্টোরেজ দ্রুত পূর্ণ হয়ে যায়। ফোনে স্টোরেজ কমে গেলে হোয়াটসঅ্যাপের নিজস্ব ম্যানেজ স্টোরেজ ফিচার ব্যবহার করে বড় ফাইলগুলো চিহ্নিত করে এক ক্লিকেই মুছে ফেলা সম্ভব।

স্টোরেজ যেভাবে পরীক্ষা করবেন

ফোনে হোয়াটসঅ্যাপ কতখানি জায়গা দখল করে আছে তা দেখতে অ্যাপের ‘চ্যাট’ অপশনে গিয়ে ওপরের ডান কোণে থাকা ‘থ্রি ডট’ বা মোর মেন্যুতে ক্লিক করে ‘সেটিংস’-এ যেতে হবে। সেখান থেকে ‘স্টোরেজ অ্যান্ড ডাটা’ অপশনে ঢুকে ‘ম্যানেজ স্টোরেজ’-এ ট্যাপ করলে স্ক্রিনের ওপরের দিকে হোয়াটসঅ্যাপের ব্যবহৃত মোট স্টোরেজের পরিমাণ দেখা যাবে।

এছাড়া যেকোনও নির্দিষ্ট চ্যাট থেকেও স্টোরেজ পরীক্ষা করা সম্ভব। যে চ্যাটের মেমরি দেখতে চান, সেখানে ঢুকে চ্যাটের নামের ওপর ট্যাপ করে ‘ম্যানেজ স্টোরেজ’ অপশনে ক্লিক করলেই সব ফাইল আকার অনুযায়ী বড় থেকে ছোট ক্রমানুসারে দেখা যাবে।

বড় ফাইল খুঁজে বের করা ও মুছে ফেলা

বড় সাইজের ছবি, ভিডিও কিংবা বারবার ফরোয়ার্ড করা ফাইল ডিলিট করতে সেটিংস থেকে ‘স্টোরেজ অ্যান্ড ডাটা’ হয়ে ‘ম্যানেজ স্টোরেজ’-এ প্রবেশ করতে হবে। এরপর নির্দিষ্ট কোনও চ্যাট বা চ্যানেল সিলেক্ট করে একে একে ফাইল নির্বাচন করা যাবে কিংবা একবারে ‘সিলেক্ট অল’ চেপে সব ডিলিট করা সম্ভব।

চ্যাট তালিকার শীর্ষে থাকা সার্চ বারের সাহায্যেও মিডিয়া ফাইল ডিলিট করা যায়। এর জন্য সার্চ অপশনে গিয়ে ফটো, ভিডিও বা ডকুমেন্ট সিলেক্ট করে কাঙ্ক্ষিত বস্তুটি ডিলিট করতে হবে।

তবে মনে রাখতে হবে, এই নিয়মে কোনও ফাইল ডিলিট করা হলে তা স্থায়ীভাবে মুছে যাবে এবং পরবর্তীতে চ্যাট থেকে পুনরায় ডাউনলোড করা যাবে না। অবশ্য ডিলিট করা ফাইলটি কেবল আপনার অ্যাকাউন্ট থেকেই সরবে, চ্যাটে থাকা অন্য সদস্যরা এটি দেখতে পাবেন।

এছাড়া ফোনের নিজস্ব মেমরিতে যদি ফাইলের কোনও কপি থাকে, তবে পুরোপুরি জায়গা খালি করতে সেই কপিগুলোও আলাদাভাবে ফোন থেকে ডিলিট করতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া