স্মার্টফোন পরিবর্তনের সময় পুরোনো ফোনে সংরক্ষিত ফোন নম্বর ও যোগাযোগের তথ্য নতুন ডিভাইসে নেওয়া নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। বিশেষ করে ফোনের মেমোরিতে বা সিম কার্ডে আলাদাভাবে নম্বর সংরক্ষণ করা থাকলে সব যোগাযোগের তথ্য একসঙ্গে স্থানান্তর করার প্রক্রিয়া কিছুটা কঠিন মনে হতে পারে। তবে গুগল অ্যাকাউন্টে সিঙ্ক করার মাধ্যমে, কনট্যাক্টস ফাইল তৈরি কিংবা সিম কার্ড ব্যবহারের মাধ্যমে সহজেই পুরোনো ফোনের নম্বর নতুন ফোনে নেওয়া যায়।
গুগল অ্যাকাউন্টের মাধ্যমে স্থানান্তর
নতুন অ্যান্ড্রয়েড ফোনে কনট্যাক্টস স্থানান্তর করার সবচেয়ে সহজ উপায় হলো গুগল অ্যাকাউন্টের সঙ্গে নম্বরগুলো সিঙ্ক করা। এ জন্য পুরোনো ফোনের সেটিংসে গিয়ে ‘অ্যাকাউন্টস’ বা ‘অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপ’ অপশন থেকে নিজের গুগল অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে। এরপর ‘অ্যাকাউন্ট সিঙ্ক’ অপশনে গিয়ে ‘কনট্যাক্টস’ চালু রাখতে হবে। সিঙ্ক সম্পন্ন হলে নতুন ফোনে একই গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করলেই সংরক্ষিত সকল নম্বর স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে।
ফাইল তৈরি করে কনট্যাক্টস স্থানান্তর
গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে না চাইলে কনট্যাক্টস ফাইল তৈরি করেও নম্বর স্থানান্তর করা যায়। এ জন্য পুরোনো ফোনে ‘কনট্যাক্টস’ অ্যাপ খুলে ‘ফিক্স অ্যান্ড ম্যানেজ’ অপশন থেকে ‘এক্সপোর্ট টু ফাইল’ নির্বাচন করতে হবে। এরপর যে অ্যাকাউন্টের নম্বরগুলো নিতে চান, সেটি নির্বাচন করে ‘এক্সপোর্ট টু .ভিসিএফ ফাইল’ অপশনে ট্যাপ করতে হবে। তৈরি হওয়া ফাইলটি ব্লুটুথ, ইমেইল বা গুগল ড্রাইভের মাধ্যমে নতুন ফোনে পাঠানো যাবে। এরপর নতুন ফোনে ফাইলটি খুলে ‘ইমপোর্ট’ নির্বাচন করলেই নম্বরগুলো কনট্যাক্টস তালিকায় যুক্ত হবে।
আইফোনে নম্বর স্থানান্তরের উপায়
অ্যান্ড্রয়েড থেকে আইফোনে নম্বর নিতে চাইলে নতুন আইফোনের সেটিংসে ‘অ্যাপস’ থেকে ‘কনট্যাক্টস’ অপশনে গিয়ে ‘অ্যাড অ্যাকাউন্ট’ নির্বাচন করতে হবে। এরপর গুগল অ্যাকাউন্টে লগইন করে কনট্যাক্টস সিঙ্ক চালু করলেই নম্বরগুলো আইফোনের কনট্যাক্টস অ্যাপে দেখা যাবে। চাইলে অ্যান্ড্রয়েড ফোন থেকে তৈরি করা .ভিসিএফ ফাইল আইফোনে পাঠিয়েও নম্বর যুক্ত করা সম্ভব।
সিম কার্ডের মাধ্যমেও নেওয়া যাবে নম্বর
পুরোনো ফোনে নম্বরগুলো সিম কার্ডে সংরক্ষিত থাকলে সেটি নতুন ফোনে প্রবেশ করিয়েও কনট্যাক্টস নেওয়া যায়। আইফোনে এ জন্য সেটিংসের ‘অ্যাপস’ মেনু থেকে ‘কনট্যাক্টস’ অপশনে গিয়ে ‘ইমপোর্ট সিম কনট্যাক্টস’ নির্বাচন করতে হবে। তবে এ পদ্ধতিতে শুধু সিম কার্ডে সংরক্ষিত কনট্যাক্টসই নতুন ফোনে স্থানান্তরিত হবে, পুরোনো ফোনের ইন্টারনাল স্টোরেজে সংরক্ষিত নম্বরগুলো রয়ে যাবে। তাই ফোন পরিবর্তনের আগে নম্বরগুলো গুগল অ্যাকাউন্টে সিঙ্ক বা আলাদা ফাইলে সংরক্ষণ করে রাখাই সবথেকে নিরাপদ উপায়।