ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, লাহোর-দিল্লিতে মারাত্মক ‘ঝুঁকিপূর্ণ’

ঢাকার বাতাসে কিছুটা উন্নতি হয়েছে আজ। বুধবার (১১ নভেম্বর) আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ৪৫৩ একিউআই স্কোর নিয়ে বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে দূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। তবে এই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা ৭৮ স্কোর নিয়ে রয়েছে ২৫তম অবস্থানে।

একই তালিকায় ২২২৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি এবং ১৭৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ভারতের আরেক মহানগর কলকাতা। 

আইকিউএয়ার-এর লাইভ র‍্যাংকিং বিশ্লেষণে দেখা গেছে, লাহোরের বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ ক্যাটাগরিতে ঠেকেছে। অপরদিকে দিল্লি ও কলকাতার বাতাসে দূষণের মাত্রা পৌঁছেছে ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে।

তালিকার শীর্ষ পাঁচ শহরের মধ্যে অন্য দুটি হচ্ছে মঙ্গোলিয়ার উলানবাটার (স্কোর ১৬০, ৪র্থ) এবং নেদারল্যান্ডসের রটারডাম (স্কোর ১৪৯, ৫ম)। তালিকায় চীনের সাংহাই, উহান, আফগানিস্তানের কাবুল ও ভারতের মুম্বাইয়ের মতো প্রধান নগরীগুলোও ওপরের দিকে অবস্থান করছে।

তালিকার ২৫ নম্বরে থাকা ঢাকার ৭৮ একিউআই স্কোরকে ‘মাঝারি’ বা সন্তোষজনক হিসেবে গণ্য করা হয়। বৈশ্বিক সূচকে আপাতদৃষ্টে ঢাকার বাতাস সহনীয় মনে হলেও, বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন যে শীতের আবহ গভীর হওয়ার সাথে সাথে ঢাকার বায়ুদূষণের মাত্রা আরও দ্রুত মারাত্মক রূপ নিতে পারে। 

স্বাভাবিক নিয়মে বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে তা স্বাস্থ্যকর ধরা হয়। ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকা বাতাসকে মাঝারি বা সহনীয় ধরা হলেও সংবেদনশীল গোষ্ঠীর (শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টের রোগী) জন্য তা ঝুঁকিপূর্ণ হতে শুরু করে।