
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)সরকারের কাছে আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাকের (আরএমজি) উপর ১০ শতাংশ হ্রাসকৃত শুল্কহার বজায় রাখার দাবি জানিয়েছে।
বিজিএমইএ আরএমজি সেক্টরের জন্য ২০১৫-১৬ অর্থ বছরের ন্যায় উৎসে শুল্ক কর্তনের জোর দাবি জানিয়েছে।
বিজিএমএ’র সভাপতি সিদ্দিকুর রহমান শনিবার সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেন, ‘সরকারের পদক্ষেপের ফলে আরএমজি চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। কিন্তু এটি ২০২১ সাল নাগাদ ৫ হাজার কোটি ডলারের রফতানি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য যথেষ্ট নয়। এ কারণেই এ সেক্টরে সরকারের পলিসি সাপোর্ট দেওয়া প্রয়োজন।’
আরও পড়ুন: স্কোরের ভিত্তিতে কলেজ র্যাংকিং করলো জাতীয় বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ আরএমজি সেক্টরে গত পঁচ বছর গড়ে ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ২০২১ সাল নাগাদ ৫ হাজার কোটি ডলার অর্জনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা থেকে অনেক পিছিয়ে রয়েছি। অতএব এ লক্ষ্য অর্জনে আমাদেরকে গড় প্রবৃদ্ধি থেকে প্রায় দ্বিগুণ প্রবৃদ্ধি অর্জন করতে হবে।’
আরএমজি সেক্টরের জন্য করপোরেট শুল্ক হ্রাসের সুপারিশ করে তিনি বলেন, এই সেক্টর ৩৫ শতাংশ কর প্রদান করে সামনে অগ্রসর হতে পারবে না।
বিজিএমইএ সভাপতি বলেন, গ্যাস সংকটের কারণে ১৯৭টি কারখানা উৎপাদনে যেতে পারছে না। খবর বাসস।
/এসটি/








