জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে ‘নাগরিক প্ল্যাটফর্ম’ নামে বেসরকারি একটি প্লাটফর্ম যাত্রা শুরু করেছে। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তন থেকে এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই প্ল্যাটফর্মের আহ্বায়ক করা হয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য্যকে।
এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দেবপ্রিয় বলেন, ২০১৫ সালে জাতিসংঘ ঘোষিত এসডিজি বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে সুশাসন, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠিত করতে সরকারকে সহযোগিতা করবে এই প্ল্যাটফর্ম।
সংবাদ সম্মেলনে অন্যান্যে মধ্যে বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সুলতানা কামাল, টিআইবির প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখারুজ্জমান, ব্র্যাকের কর্মকর্তা মুস্তাক রাজা চৌধুরী প্রমুখ।
নাগরিক সমাজ থেকে আট ব্যক্তিকে এই প্ল্যাটফর্মের ‘কোর গ্রুপ’ করা হয়েছে। তারা হলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক দুই উপদেষ্টা সুলতানা কামাল ও রাশেদা কে চৌধুরী, মানুষের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহীন আনাম, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, মেট্রোপলিটান চেম্বারের সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম, মোস্তাক রাজা চৌধুরী, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।
এর বাইরে ১৩ জনকে নিয়ে করা হয়েছে উপদেষ্টা পরিষদ। এই উপদেষ্টা পরিষদে রয়েছেন অধ্যাপক রেহমান সোবহান, অধ্যাপক আনিসুজ্জামান, ফজলে হাসান আবেদ, জামিলুর রেজা চৌধুরী, সৈয়দ মঞ্জুর এলাহী, ড. হামিদা হোসেন, ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, মুস্তফা মনোয়ার, রোকেয়া আফজাল রহমান, রাজা দেবাশীষ রায়, শ্রীমতি সাহা, অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ ও শাইখ সিরাজ।
এছাড়া ২৬টি বেসরকারি সংস্থা এ প্ল্যাটফর্মে সহযোগী হিসেবে কাজ করবে। এর মধ্যে রয়েছে অ্যাকশন এইড বাংলাদেশ, বাংলাদেশ আদিবাসী ফোরাম, ঢাকা আহছানিয়া মিশন, আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল’ইয়ার অ্যাসোসিয়েশন (বেলা), বাংলাদেশ মহিলা পরিষদ, কেয়ার বাংলাদেশ, নিজেরা করি, অক্সফাম বাংলাদেশ।
প্ল্যাটফর্মের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দেবপ্রিয় বলেন, এই প্ল্যাটফর্মের লক্ষ্য হলো- এসডিজি বাস্তবায়নের অগ্রগতি ও মাত্রা পর্যবেক্ষণ, চ্যালেঞ্জগুলোর বিষয়ে নীতি-নির্ধারকদের সচেতন করা, যাতে বিনিয়োগ করা অর্থের সুষ্ঠু ব্যবহার সম্ভব হয়। এছাড়া বাস্তবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করা, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট পক্ষের মধ্যে তথ্য বিনিময়সহ সার্বিক সমন্বয় করতে সহযোগিতা করবে এই প্ল্যাটফর্ম। তিনি জানান, এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়ায় দেশের একজন মানুষও যাতে পিছিয়ে না পড়ে, তা মনিটরিং করার উদ্দেশ্যে এই প্ল্যাটফর্ম গঠন করা হচ্ছে। তিনি বলেন, এসডিজির ৫টা বৈশিষ্ট্য আছে। এবার এসডিজির অর্জন হচ্ছে অন্তর্ভুক্তিমূলক। এসডিজিকে সমন্বিতভাবে দেখতে হবে যেমন শিক্ষা, স্থাস্থ্য ও দেশীয় প্রেক্ষাপট বাস্তবায়ন। পেশাজীবীদের সচেতনতা বাড়াতে হবে। বাংলাদেশের একটি মানুষকেও পেছনে ফেলা যাবে না।
সংবাদ সম্মেলনে টিআইবি চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, রাষ্ট্রের জন্য সুশাসন খুব গুরুত্বপূর্ণ। যদি সুশাসন না থাকে রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন সম্ভব না। একটি দেশের উন্নয়ন শুধু প্রবৃদ্ধি দিয়ে বিচার করা যায় না। তিনি বলেন, দেশে যে সুশাসনের অভাব রয়েছে, তা তুলে ধরার জন্য এই প্ল্যাটফর্ম একটি বড় সুযোগ। তিনি বলেন, রাষ্ট্র কোনো কিছুর তোয়াক্কা না করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। তিনি বলেন, সুশাসনের অভাব থাকলে পদে পদে মানবাধিকারের লঙ্ঘন ঘটতে থাকে। মানুষ আমাদের বলছে, ক্রসফায়ার হওয়ার পরে আপনারা কথা বলছেন কেন? যাদের ক্রসফায়ারে দেওয়া হচ্ছে, তারা অন্যের মানবাধিকার লঙ্ঘন করেছে। অতএব তাদের মানবাধিকার নেই। এই যে একটা বোধ সমাজে চলে আসে, যেনতেনভাবে নিজের অস্তিত্ব রক্ষা করতে হবে—এটা কোনও আধুনিক, গণতান্ত্রিক, সুশাসনসম্পন্ন রাষ্ট্রের লক্ষ্য নয়। তিনি উল্লেখ করেন, সুশাসনের অভাবের একপর্যায়ে সমাজে হতাশা তৈরি হয়। হতাশা থেকে আমরা দেখতে পাচ্ছি, রাষ্ট্র নিজের হাতে আইন তুলে নিচ্ছে। কোনও কিছুর তোয়াক্কা করছে না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ প্লাটফর্মের মূল লক্ষ্য হবে এসডিজি বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে সরকারের পাশাপাশি সক্রিয় ভূমিকা রাখা এবং এ প্রক্রিয়ার জবাবদিহিতা নিশ্চিত করা। এ ছাড়া বাংলাদেশে এসডিজি বাস্তবায়নের অগ্রগতি ও মাত্রা পর্যবেক্ষণ করা। বাস্তবায়নের ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জগুলোর বিষয়ে নীতিনির্ধারকদের সচেতন করা, যেন এ লক্ষ্যে বিনিয়োগ করা অর্থের সুষ্ঠু ব্যবহার সম্ভব হয়, বাস্তবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং এসডিজি বাস্তবায়নকারী সকল প্রতিষ্ঠান ও স্বার্থসংশ্লিষ্ট পক্ষের মধ্যে তথ্য বিনিময় সহ-সার্বিক সমন্বয় সাধনে সহায়তা করা। এসডিজি অর্জনের সুফল দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যেন পৌঁছে তা নিশ্চিত করতেও এ প্ল্যাটফর্ম সক্রিয় হবে।
আরও পড়তে পারেন: জঙ্গিবাদের বিরুদ্ধে এক অনন্য মহিলা মাদ্রাসা!
/জিএম/এমএনএইচ/








