ট্যাক্স কার্ডের সুবিধা নিশ্চিত করতে মন্ত্রণালয় ও বিভাগে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (২ মার্চ) এই তথ্য জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। সেগুনবাগিচাস্থ জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে ‘ট্যাক্স কার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে নজিবুর রহমান বলেন, ‘জাতীয় জীবনের সব জায়গায় একটি রাজস্ববান্ধব সংস্কৃতি চালু করতে হবে। সেই প্রয়াসেই ট্যাক্স কার্ডধারী করদাতাদের প্রাপ্ত সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে শিগগিরই চিঠি দেওয়া হবে।’
অনুষ্ঠানে ‘ঔষধ’ ও ‘রসায়ন’ ক্যাটাগরিতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ও সাউথইস্ট ব্যাংককে ‘ট্যাক্স কার্ড’ তুলে দেওয়া হয়। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. হাবিব উল্লাহ মনজু ও সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের পক্ষে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. আমিনুল হক এই সম্মাননা গ্রহণ করেন।
উল্লেখ্য, সর্বোচ্চ করদাতা ব্যক্তি-প্রতিষ্ঠানকে উৎসাহ প্রদানের জন্য এ বছর ‘ট্যাক্স কার্ড নীতিমালা’ সংশোধন করে আগের ২০টি ট্যাক্স কার্ডের পরিবর্তে ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড দেওয়া হয়। এই ট্যাক্স কার্ডের মেয়াদ এক বছর। ওই কার্ড দেওয়ার সময় জানানো হয়, বিভিন্ন জাতীয় অনুষ্ঠান, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন কার্ডধারীরা। এছাড়া সড়ক, বিমান ও জলপথের টিকিট এবং স্ত্রী-স্বামী ও পুত্র-কন্যার চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন তারা। বিমানবন্দরে সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) লাউঞ্জ ব্যবহারও করতে পারবেন তারা। তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলেও বুকিংয়ে অগ্রাধিকার পাবেন ট্যাক্স কার্ডধারীরা।
আরও পড়ুন-
হংকংয়ে বাণিজ্যমন্ত্রী: বাংলাদেশের পণ্য আমদানি করুন
ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পরিকল্পনামন্ত্রীর
/জিএম/টিআর/








