ট্যানারি ও চামড়াজাতপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত নারী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ট্যানারি ওয়ার্কাস ইউনিয়নসহ একাধিক উন্নয়ন সংস্থা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল বুধবার হাজারীবাগে ট্যানারি ওয়ার্কাস ইউনিয়ন অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। একইসঙ্গে কর্মক্ষেত্রে তাদের কাজের সমতা ও অধিকার প্রতিষ্ঠারও দাবি জানানো হয়।
হাজারীবাগে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন ও সুইচ এশিয়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাজারীবাগে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করে সুইচ এশিয়া। এতে সহযোগিতা করে ইকোলিবান, এস এন ভি প্রকল্প ও অক্সফাম বাংলাদেশ।
অনুষ্ঠানে বক্তারা চামড়া খাতে নারীর সম্পৃক্ততা আরও বাড়ানো, কর্মক্ষেত্রে তাদের স্বাস্থ্য নিরাপত্তা ও বিভিন্ন ঝুঁকি চিহ্নিত করে তা সমাধানে মতামত তুলে ধরেন। এছাড়া নারী শ্রমিকদের কল্যাণে তাদের সচেতনতামূলক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
পরে ইউনিয়নের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া নারী শ্রমিকদের শুভেচ্ছা উপহারও দেওয়া হয়।
ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদে সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত উল্লাহ, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, বিএফএলএলএফইএর সহ-সভাপতি আওয়াল হোসেন, অক্সফামের প্রতিনিধি সাইমন রহমান, এস.এন.ভির প্রতিনিধি মো. মাহবুব উল্লাহ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন স্থানীয় প্রকল্প ব্যবস্থাপক সঞ্জয় কুমার ঠাকুর।
/টিএন/







