ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১৭-১৯ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ ভোট অনুষ্ঠিত হয়।
৩৮০টি ব্যবসায়ী সংগঠন এবং ৮১টি চেম্বারের যৌথ সংগঠন হলেও এবার ভোট অনুষ্ঠিত হয়েছে কেবলমাত্র অ্যাসোসিয়েশন পর্যায়ে।
এবারের এফবিসিসিআই নির্বাচনে চেম্বারের ভোটার সংখ্যা ৪৫৪ জন এবং অ্যাসোসিয়েশনের ভোটার সংখ্যা ১ হাজার ৮৮৭ জন।
জানা গেছে, এবারের নির্বাচনে ৬০ জন পরিচালক পদের মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে ১২টি করে মোট ২৪টি পদে পরিচালক মনোনয়ন করা হয়। চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৮টি করে মোট ৩৬টি পরিচালক পদে সরাসরি নির্বাচন হয়েছে। তবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন কেবল অ্যাসোসিয়েশনের ভোটাররা। কারণ, চেম্বারের ১৮টি পরিচালক পদে প্রার্থী ১৮ জন হওয়ায় ভোট নেওয়ার প্রয়োজন হয়নি। তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে সভাপতি প্রার্থী সফিউল ইসলাম মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, প্রার্থী হওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার। প্রার্থিতা থেকে সরে যাওয়াও গণতান্ত্রিক অধিকার। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। এ জন্য আমরা সবাই খুশি।
/এসআই/টিএন/








