বাংলাদেশের পোশাক শিল্প কারখানা ছাড়া অন্যান্য শিল্প কারখানার রফতানি বহুমুখী কাজে ৯০ হাজারেরও বেশি দক্ষ কর্মসংস্থান সৃষ্টিতে ১০ কোটি ডলার অনুদান দেবে বিশ্বব্যাংক। ‘এক্সপোর্ট কমপিটিটিভনেস ফর জবস প্রোজেক্ট’-এর আওতায় চামড়া, জুতা, প্লাস্টিক ও হালকা প্রকৌশলসহ বাংলাদেশের রফতানিমুখী শিল্পের উন্নয়নে বিশ্বব্যাংক কাজ করবে। রবিবার বিশ্বব্যাংকের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিআও ফেন বলেন, চীনের পরই বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় বৃহত্তর তৈরি পোশাক রফতানিকারক দেশ। রফতানি বহুমুখীকরণের মাধ্যমে এ দেশের রপ্তানি ত্বরান্বিত করা এবং অন্য খাতগুলোয় তৈরি পোশাক খাতের সাফল্যের পুনরাবৃত্তি করাই এর লক্ষ্য।
তিনি বলেন, এই প্রজেক্টটি বিশ্ব বাণিজ্যিক ব্যবস্থায় তরুণদের বিশেষ করে নারীদের চাকরিতে যোগদানে ভালো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এছাড়া এই উদ্যোগটি প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক বাজারে প্রবেশে সহায়তা করবে এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আন্তর্জাতিক মানগুলো বজায় রাখতে সক্ষমতা সৃষ্টি করবে। এছাড়া এটি বিদ্যমান ও নতুন বাজারে মার্কেটিং এবং ব্র্যান্ডিং ব্যবস্থাকে শক্তিশালী করবে। একইসঙ্গে দক্ষতা বৃদ্ধি বিশেষ করে নারীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং-এর পাশাপাশি অবকাঠামোগত ও প্রযুক্তিগত সহায়তা দেবে। এর মাধ্যমে এই সব খাতের সরাসরি রফতানি ২৯ শতাংশ বৃদ্ধিতে সহায়ক হবে বলেও বিশ্বব্যাংক জানায়। সূত্র: বাসস
/এমএনএইচ/







