এক লাখ মেট্রিক টন সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া এক লাখ মেট্রিক টন টিএসপি ও ইউরিয়া সার এবং ১৪ লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল আবদুল মুহিত।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।
অতিরিক্ত সচিব বলেন,‘দেশের খাদ্য চাহিদা পূরণে সরকার নতুন করে এক লাখ মেট্রিক টন সিদ্ধচাল আমদানি করবে। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এসব চাল ক্রয় করা হবে। বৈদেশিক উৎস থেকে উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে এক লাখ টন নন-বাসমতি সিদ্ধচাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
অতিরিক্ত সচিব জানান, দেশের বিভিন্ন জায়গায় ৫৪ কেন্দ্রের মাধ্যমে চাল সরবরাহের কাজ পেয়েছে কুষ্টিয়ার মেসার্স রশিদ অটোমেটিক রাইস মিল লিমিটেড। তিনটি প্যাকেজে চাল ক্রয়ে সরকারের মোট ব্যয় হবে চারশ ২২ কোটি ৫৯ লাখ টাকা।
মোস্তাফিজুর রহমান জানান, ৪৫ হাজার মোট্রিক টন গ্রানুলার ইউরিয়া সার আমদানি করবে সরকার। প্রথম পর্যায়ে ২৫ হাজার মেট্রিক টন সরবরাহ করবে পোটন ট্রেডার্স। প্রতি মেট্রিক টন ৩৫১ মার্কিন ডলার হিসারে মোট ব্যয় হবে ৭৩ কোটি ৮০ হাজার টাকা। বাকি ২০ হাজার টন সরবরাহ করবে মেসার্স হাউড্রো কার্বন। এতে ব্যয় হবে ৫৮ কোটি ৪০ লাখ ৬৪ হাজার টাকা।
রাষ্ট্রীয় পর্যায়ে আরব আমিরাত থেকে আরও ২৫ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ২৫০ মার্কিন ডলার। মোট ব্যয় হবে ৫২ কোটি টাকা। মন্ত্রিসভা কমিটি ৫০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করার অনুমোদন দিয়েছে। প্রথম পর্যায়ে ২৫ হাজার মেট্রিক টনের জন্য প্রতি টন দুইশ ৯০ দশমিক ৭৫ ডলার হিসাবে ব্যয় হবে ৬০ কোটি ৪৭ লাখ ৬০ হাজার। দ্বিতীয় পর্যায়ে প্রতি মেট্রিক টন দাম ধরা হয়েছে তিনশ তিন দশমিক ২৫ মার্কিন ডলার। ২৫ হাজার মেট্রিক টনের জন্য দাম ধরা হয়েছে ৬৩ কোটি সাত লাখ ৬০ হাজার টাকা।
জ্বালানি চাহিদা পূরণে সরকার ১৪ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১০ লাখ ৬০ হাজার মেট্রিন গ্যাস অয়েল, একলাখ ১০ হাজার মেট্রিক টন জেট অয়েল ও দুই লাখ ৬০ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল আমদানি করা হবে। এতে ব্যয় হবে দুইশ ৪৫ কোটি ২১ লাখ টাকা।
এছাড়াও আরও ১০ টি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।








