চট্টগ্রাম বন্দর থেকে সব ধরনের আমদানি করা পণ্যবাহী কনটেইনার সেখানকার ১৯টি বেসরকারি ডিপোতে (অফডক বা প্রাইভেট আইসিডি) সরিয়ে নেওয়ার সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বন্দরের কনটেইনার জট কমাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সুপারিশে এনবিআর এ সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) মেহরাজ-উল-আলম সম্রাটের স্বাক্ষরে এই আদেশ জারি করা হয়েছে।
করোনা সংকটের আগে বন্দর দিয়ে আমদানি করা ৩৮ ধরনের পণ্য বেসরকারি ডিপোতে নিয়ে খালাসের সুযোগ ছিল। বন্দরে জট শুরুর এক সপ্তাহ আগে অতিরিক্ত আরও ছয় ধরনের পণ্য ডিপোতে সরিয়ে নেওয়ার অনুমোদন দেয় এনবিআর। কনটেইনার জট তীব্র হয়ে ওঠায় পরিস্থিতি বিবেচনায় এবার সব পণ্য বেসরকারি ডিপোতে স্থানান্তরের অনুমোদন দেওয়া হলো।
এনবিআরের আদেশে বলা হয়েছে, বন্দরে কনটেইনার জট নিরসনে নৌপরিবহন মন্ত্রণালয়ের সুপারিশে বন্দর দিয়ে আমদানি হওয়া সব ধরনের পণ্য চালান বেসরকারি ডিপোতে সংরক্ষণ, আনস্টাফিং ও ডিপো থেকে খালাসের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
তবে পণ্য সরিয়ে নেওয়ার ক্ষেত্রে ওই আদেশে দুটি শর্ত দেওয়া হয়েছে। প্রথমত, বন্দর থেকে ডিপোতে সরিয়ে নেওয়ার সময় প্রতিটি কনটেইনার স্ক্যানিং করতে হবে। দ্বিতীয়ত, কর্মাশিয়াল পণ্য চালান খালাস নেওয়ার আগে চট্টগ্রাম কাস্টমস ও কাস্টমস গোয়েন্দার সমন্বয়ে শতভাগ কায়িক পরীক্ষা করতে হবে।
প্রসঙ্গত, বন্দর কর্তৃপক্ষ পণ্য ওঠানো– নামানো ও সংরক্ষণ করতে পারলেও পণ্যের শুল্কায়ন ও কোথা থেকে কোন পণ্য খালাস নেওয়া যাবে, তা ঠিক করে এনবিআর ও এর আওতাভুক্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউস।








