বিমা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান

‘কয়েকটি বিমা কোম্পানির অবস্থা এতটাই নাজুক যে বন্ধ করে দেওয়া উচিত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৩, ১৬:৪৮আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৬:৪৮

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী বলেছেন, বিমা খাতের বিশাল সম্ভাবনা রয়েছে। কিন্তু সমস্যাও কম নয়। কয়েকটি জীবন বিমা কোম্পানির অবস্থা এতটাই নাজুক যে, এগুলো বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু গ্রাহকের টাকা পরিশোধ না করে বন্ধ করে দেওয়া হলে তারা আরও ক্ষতিগ্রস্ত হবেন। তাই বন্ধ না করে কঠোর মনিটরিং ও অন্যান্য সহযোগিতা দিয়ে কোম্পানিগুলোকে সংকট থেকে বের করে আনার বিষয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে তাতেও কাজ না হলে হয়তো বন্ধ করে দেওয়ার পথেই হাঁটতে হবে। 

তিনি আরও বলেন, কাউকে বিমা কোম্পানির গ্রাহকদের টাকা সরিয়ে নেওয়া বা সম্পদ আত্মসাৎ করার সুযোগ দেওয়া হবে না।

বুধবার (১৫ মার্চ) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে আইডিআরএ চেয়ারম্যান এসব কথা বলেন। রাজধানীর পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠান হয়। সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের সভাপতি জিয়াউর রহমান।

জয়নুল বারী বলেন, বিমা খাতে কমপ্লায়েন্সের বিষয়গুলো পরিপালন না করা সবচেয়ে বড় সমস্যা। দীর্ঘদিন কমপ্লায়েন্স না থাকায় অনেক কোম্পানির মধ্যে অনিয়ম-দুর্নীতি বাসা বেঁধেছে। গ্রাহক ও কোম্পানির টাকা অপচয়, অপব্যবহার, এমনকি কোনও ক্ষেত্রে আত্মসাতের ঘটনাও ঘটেছে। তারা এই সমস্যার সমাধানে কঠোর অবস্থান নিয়েছেন।

তিনি বলেন, গ্রাহকের বিমাদাবি পরিশোধ নিয়ে যেসব কোম্পানির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেসব কোম্পানির পরিচালনা পর্ষদকে ডেকে তিনি বৈঠক করেছেন। কোম্পানির সম্পদ বিক্রি করে হলেও গ্রাহকের প্রাপ্য টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন। তাদের নির্দেশনা মানা না হলে প্রয়োজনে কোম্পানির বোর্ড ভেঙে দেওয়া হবে।

এ বিষয়ে তিনি আরও বলেন, বিমা খাতের বিরাজমান  সমস্যাগুলো রাতারাতি সমাধান করা সম্ভব নয়। আর আইডিআরএ'র একার পক্ষেও তা সম্ভব নয়। আমরা বিমা আইন সংশোধনের মাধ্যমে সময়োপযোগী করার উদ্যোগ নিয়েছি। এই আইন বাস্তবায়ন করতে গিয়ে আমরা দেখেছি কিছু কিছু জায়গায় অসঙ্গতি আছে, নানা অস্পষ্টতা রয়েছে। এত বেশি ধারায় রেগুলেশন করার কথা বলা আছে যা একেবারেই বাস্তবায়ন অযোগ্য। তাই বিমা আইন সংশোধন করা জরুরি। ইতোমধ্যে সংশোধনীর খসড়া তৈরি শুরু করেছেন তারা।

আইডিআরএ চেয়ারম্যান বলেন, অতীতে বিমা খাতে যে দুর্নীতি হয়েছে, তার বড় অংশই হয়েছে জমি কেনাকে কেন্দ্র করে। দেখা গেছে, এক কোটি টাকা মূল্যের সম্পদ ৩০ কোটি টাকা দিয়ে কেনা হয়েছে। ওই জমি ১০ বা ১৫ বছর পরে কেনা দামের অর্ধেকেও তা বিক্রি করা যাচ্ছে না। তাই খুব জরুরি না হলে এবং মূল্য যৌক্তিক না হলে কোনও কোম্পানিকে জমি কেনার অনুমতি দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, বিমা খাতের পেনিট্রেশনের দিক থেকে আমরা ভারতসহ অনেক দেশ থেকেই পিছিয়ে। এই পেনিট্রেশন বাড়াতে হলে নতুন নতুন পণ্য আনতে হবে। বাড়াতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা।

তিনি আরও বলেন, বিমা খাতের উন্নয়নে ডিজিটালাইজেশনও অনেক জরুরি। নতুন প্রজন্ম অনলাইনে খাবার ও পোশাকসহ নানা পণ্য কিনে অভ্যস্ত। বিমার প্রোডাক্টও যদি অনলাইনে কেনা যায়, তাহলে তাদের মধ্যে আগ্রহ বাড়বে। তাছাড়া ডিজিটালাইজ করা হলে গ্রাহক তার প্রিমিয়াম জমা হয়েছে কিনা, পলিসির কী অবস্থা ইত্যাদি নিজেই চেক করতে পারবেন। তাতে একদিকে গ্রাহকের আস্থা বাড়বে, অন্যদিকে অনিয়ম-দুর্নীতির সুযোগও কমে আসবে।

/এসআই/এফএস/
সম্পর্কিত
বিমা খাতকে কার্যকর-স্বচ্ছ করতে ডিজিটাল সংস্কার জরুরি: গভর্নর
গ্রাহক ঠকানোর মহোৎসব (পর্ব ২)দেদার লুটপাট করেছেন বিমা কোম্পানির মালিকরা
নন-লাইফ বিমাকারী ব্যক্তির এজেন্ট লাইসেন্স স্থগিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম