আগামীকাল বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় বাজেট ঘোষণা হবে। এর একদিন আগে বুধবার (৫ জুন) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানালো বিদায়ী মে মাসে রফতানি আয়ে ধস নেমেছে। ইপিবির তথ্য অনুযায়ী মে মাসে দেশের রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক শূন্য ছয় শতাংশ কমে ৪ দশমিক ০৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এমনকি মে মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রফতানি কমেছে ২৩ দশমিক ৭৫ শতাংশ।
ইপিবির তথ্য বলছে, পোশাক খাত ছাড়া রফতানি প্রধান অন্য সব খাতেই চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে নেতিবাচক ধারায় চলে গেছে প্রবৃদ্ধি। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পতনের দিকে রয়েছে।
ইপিবির তথ্য অনুসারে, গত মাসে মোট ৪০৭ কোটি ডলার সমমূল্যের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। ২০২২-২৩ অর্থবছরের মে মাসে যার পরিমাণ ছিল ৪৮৫ কোটি ডলার।
অবশ্য গত জুলাই থেকে মে প্রান্তিকে রফতানি কিছুটা বেড়েছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় দুই দশমিক শূন্য এক শতাংশ বেড়ে হয়েছে ৫১ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।
ইপিবির তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে জাতীয় রফতানিতে ৮৪ শতাংশের বেশি অবদান রাখা পোশাক রফতানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় দুই দশমিক ৮৬ শতাংশ বেড়ে চার হাজার ৩৮৫ কোটি ডলারে দাঁড়িয়েছে।
চলতি অর্থবছরে মে মাসের জন্য ৫৩৪ কোটি ডলার রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। এই লক্ষ্যমাত্রার চেয়ে রফতানি কম হয়েছে ২৩ দশমিক ৭৫ শতাংশ।
দেশের সবচেয়ে বড় রফতানি খাত– তৈরি পোশাক খাতে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে সময়ে ২ দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে রফতানি হয়েছে ৪ হাজার ৭৪৭ কোটি ডলারের পোশাক পণ্য।









