সাধারণ বীমা করপো
রেশনের অস্থায়ী কর্মচারীদের দৈনিক বেতন ১২৫ টাকা। আবার চাকরিও স্থায়ী নয়। নেই অন্যান্য সুযোগ-সুবিধাও। দীর্ঘদিন এখানে এ অবস্থায় চাকরি করায় এখনও অন্য কোথাও যেতেও পারছেন না তারা। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে থাকলেও সমাধান হচ্ছে না। ঊর্ধ্বতন কর্মকর্তারাও সমাধান না দিয়ে লুকোচুরি খেলছে তাদের সঙ্গে। এমন অবস্থায় চাকরি স্থায়ী করার দাবি তাদের। এ দাবিতে রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করেছেন ওই অস্থায়ী কর্মচারীরা।
জানা গেছে, গতবছর করপোরেশনের ৫৪১ তম বোর্ড সভায় অস্থায়ী চাকরিজীবীদের স্থায়ী করার প্রস্তাব পাশ হয়। কিন্তু পরে করপোরেশন আবার আদালতে রিট করে নিয়োগ আটকে দেয়। ফলে এ অস্থায়ী চাকরিজীবীরা মানবেতন জীবনযাপন করছেন। শিগগিরই এ সমস্যার সমাধান না হলে আগামী সোমবার থেকে আরও কঠোর আন্দোলনে যাবেন বলে জানান আন্দোলনকারীরা।
সাধারণ বিমা করপোরেশনে এমএলএসএস/পিয়ন, এল.ডি. কাম টাইপিস্ট/কম্পিউটার অপারেটর, বৈদ্যুতিক অপারেটর, সিসিক্যামেরা অপারেটর, পাম্প অপারেটর, মালী প্রভৃতিসহ ৮৮টি শাখা-উপশাখায় ৮০০ থেকে ৯০০ টি পদ বর্তমানে খালি আছে। আর এসব পদে অস্থায়ী ভিত্তিতে কাজ করছেন ৩২০ জনের মত। তাদের মধ্যে কারো কারো চাকরি ২০ বছরের ওপরে। এমন পরিস্থিতিতে অস্থায়ী শ্রমিক-কর্মচারী নামে মামলা-মোকাদ্দমা, জুলুম নির্যাতন বন্ধ করে, অনতিবিলম্বে চাকরি স্থায়ী করার দাবি জানিয়েছেন সরকারি এ প্রতিষ্ঠানের অস্থায়ী কর্মচারীরা।
/জিএম/এমএনএইচ/







