যুক্তরাষ্ট্র থেকে ৫৭ হাজার ২০৩ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। সোমবার (১৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় খাদ্য মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ইতোমধ্যে সরকার টু সরকার ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। জি টু জি-০২ চুক্তির আওতায় মোট দুই লাখ ২০ হাজার টন গম আমদানি করা হবে। এই চুক্তির দ্বিতীয় চালান হিসেবে ৫৭ হাজার ২০৩ টন গম নিয়ে এমভি. ক্লিপার ইসাদোরা জাহাজ এখন চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে অবস্থান করছে।
এতে আরও বলা হয়, ৫৭ হাজার ২০৩ টন গমের মধ্যে ৩৪ হাজার ৩২০ টন চট্টগ্রামে এবং বাকি ২২ হাজার ৪৪৩ টন মোংলা বন্দরে খালাস করা হবে।
জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। বলা হয়, নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, প্রথম চালানে যুক্তরাষ্ট্র থেকে ৫৬ হাজার ৮৯০ টন গম দেশে এসেছে।









