বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করায় হংকংকে বাংলাদেশের ইকনোমিক জোনে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার হংকংয়ে সফররত তোফায়েল আহমেদ দেশটির বাণিজ্য ও ইকনোমিক ডেভেলপমেন্ট বিষয়ক মন্ত্রী সো কাম লেং গ্রেগোরির সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মতবিনিময়কালে তোফায়েল আহমেদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার বিভিন্ন অঞ্চলে মোট ১০০টি ইকনমিক জোন গড়ে তোলার কাজ শুরু করেছে। তারা চাইলে বাংলাদেশ সরকার একটি ইকনমিক জোন হংকংয়ের ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য বরাদ্দ করবে।
তিনি আরও বলেন, বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের বিশেষ সুযোগ-সুবিধা দিচ্ছে। হংকংকেও চাহিদা অনুযায়ী সকল সুযোগ সুবিধা দেওয়া হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, হংকংয়ে বাংলাদেশে তৈরি চামড়া ও চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, হিমায়িত মাছ, শুটকি মাছ, শুকনা খাদ্য, পাটজাত পণ্য, তাবু, ক্যাপসহ বিভিন্ন পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। ফলে বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি করা হলে উভয় দেশ লাভবান হবে।
এ সময় তিনি বলেন, গত অর্থ বছরে হংকংয়ে বাংলাদেশ ২৪৭ দশমিক ১৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে। একই সময়ে বাংলাদেশ আমদানি করেছে ৮৭৬ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য।
/এসআই/এসএনএইচ/







