প্রস্তাবিত বাজেট যে সব পণ্যের দাম বাড়তে পারে, সেগুলো হলো, মোবাইলের সিম-রিম, সিগারেট, বিড়ি, তামাকজাত পণ্য জর্দা, গুল, দামি পাউরুটি, হাতে তৈরি কেক ও বিস্কুট। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বাজেট পেশ করেন।
অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, দেশে তামাক সেবনকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একইভাবে নিম্নমানের সিগারেটের গ্রাহক সংখ্যাও ব্যাপকভাবে বেড়েছে। এ কারণে তামাকের ব্যবহার কমানোর লক্ষ্যে সিগারেটের মতো বিড়ি, জর্দ্দা,গুলসহ সব ধরনের তামাকজাত পণ্য উৎপাদন ব্যবসা থেকে অর্জিত করযোগ্য আয়ের ওপর ৪৫ শতাংশ হারে করারোপের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এই প্রস্তাব অনুযায়ী বেশ কিছু পণ্যের দাম বাড়তে পারে। সর্বনিম্ন দাম বাড়ানো ও শুল্কহার বাড়ানোর কারণে এসব পণ্যের দাম বাড়বে।
দাম বাড়তে পারে সিম-রিম, আইপিএস-ইউপিএস, ওয়াশিং মেশিন, ট্রান্সফরমার, এয়ারকুলার, মশা মারার ব্যাট, আমদানিকৃত চালের। একইসঙ্গে আমদানিকৃত কাগজ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সহায়ক বই, মেডিক্যাল যন্ত্রাংশ, বাস, ট্রাক, লরির টায়ারের দাম বাড়বে। ভ্যাট অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করায় প্রতিকেজি ১০০ টাকা পর্যন্ত মূল্যমানের পাউরুটি, বানরুটি ও এ ধরনের রুটি, হাতে তৈরি কেক ও বিস্কুটের দাম বাড়বে। আর ১২০ টাকা পর্যন্ত প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল, প্লাস্টিকের পাদুকা; স্থানীয়ভাবে উৎপাদিত হার্ডবোর্ড, বৈদ্যুতিক জেনারেটর ইত্যাদি পণ্য, ট্রাভেল এজেন্সি, মেডিটেশন সেবার ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ফলে এসব পণ্যের দাম বাড়বে। এ ছাড়া হস্তচালিত লুমের তৈরি ফেব্রিক্সের ওপর বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা বহাল রেখে পাওয়ার লুম থেকে তৈরি ফেব্রিক্সের ভ্যাট অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।
আরও পড়তে পারেন: দাম বাড়বে পাউরুটি-কেক-বিস্কুটের
/জিএম/এমএনএইচ/








