এবারের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ২২ হাজার কোটি ও সশস্ত্র বাহিনী বিভাগের জন্য ২৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আগামী অর্থবছরের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন।
সেনা, নৌ ও বিমান বাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বাড়ানো, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, আন্তঃবাহিনী দফতরগুলোর সক্ষমতা, সেবার মান বাড়ানো, আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা, শান্তিরক্ষার উদ্দেশ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য মধ্য মেয়াদি এই ব্যয় ধরা হয়েছে।
এদিকে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় প্রয়োজনে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে সশস্ত্র বাহিনীর দক্ষতা, কার্যকারিতা বাড়ানো, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিরাপত্তা, শান্তিরক্ষায় অংশ নেওয়ার উদ্দেশ্যে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে সরকার।
সশস্ত্র বাহিনীগুলোকে যুগোপযোগী করা ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমগুলোর মধ্যে আরও রয়েছে, ন্যাশনাল ডিফেন্স কোর্স, আর্মড ফোর্সেস ওয়ার ফোর্স পরিচালনা ও দিন-রাত আবহাওয়া পর্যবেক্ষণ কার্যক্রম। এজন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ২২ হাজার কোটি টাকা মধ্যমেয়াদি ব্যয় ধরা হয়েছে বাজেটে।
জাতীয় প্রয়োজনে বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার বিষয়ে গাইড লাইন প্রণয়ন, সমন্বয়, অপারেশন, প্রশিক্ষণ, প্রশাসনিক কার্যক্রম পরিকল্পনা, সমন্বয় ও রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি বাস্তবায়নসহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ। এ লক্ষ্য বাস্তবায়নে সশস্ত্র বাহিনী বিভাগের জন্য মধ্য মেয়াদি ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি টাকা।
আরও পড়তে পারেন: ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকাই থাকছে
/জেইউ/এমএনএইচ/








