বায়লা ফিউচার সামিট

প্রতিযোগিতায় টিকতে পোশাক শিল্পে এআই, অটোমেশন ও উচ্চ মূল্যসংযোজন পণ্যে জোর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২৬, ২৩:১৭আপডেট : ২০ জুলাই ২০২৬, ২৩:১৭

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে দেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় প্রযুক্তি (অটোমেশন), ইন্ডাস্ট্রি ৪.০ এবং উচ্চ মূল্যসংযোজন পণ্য উৎপাদনে দ্রুত এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা।

তাদের মতে, ভবিষ্যতে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা শুধু কম উৎপাদন ব্যয় বা শুল্কসুবিধার ওপর নির্ভর করবে না। বরং উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর উৎপাদন, উদ্ভাবন, টেকসই শিল্পায়ন এবং উচ্চ মূল্যসংযোজনই হবে বৈশ্বিক বাজারে টিকে থাকার মূল ভিত্তি।

সোমবার (২০ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যালায়েন্সের (বায়লা) আয়োজনে শুরু হওয়া দুই দিনব্যাপী ‘বায়লা ফিউচার সামিট-২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি এবং সবচেয়ে বড় কর্মসংস্থান সৃষ্টিকারী খাত হলো তৈরি পোশাকশিল্প। এ খাতের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ধরে রাখতে দক্ষ, উদ্ভাবনী ও দায়িত্বশীল নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তোলা জরুরি।

তিনি বলেন, প্রযুক্তিনির্ভর শিল্পের চাহিদা পূরণে শ্রমশক্তিকে নতুন দক্ষতায় প্রশিক্ষিত (আপস্কিলিং) ও পুনঃপ্রশিক্ষিত (রিস্কিলিং) করা সময়ের দাবি। সরকার শ্রমিক ও মালিক—উভয় পক্ষের স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রেখে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি টেকসই শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে নতুন নীতিগত উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে।

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, পোশাকশিল্পের ভবিষ্যৎ আর শুধু কম উৎপাদন ব্যয় বা বাজারসুবিধার ওপর নির্ভর করবে না। দক্ষতা, উৎপাদনশীলতা এবং পরিবর্তনের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতাই হবে প্রতিযোগিতার মূল শক্তি।

তিনি বলেন, অদূর ভবিষ্যতে এআই গ্রহণ ছাড়া কোনো পোশাক কারখানার প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। যারা ডিজিটাল রূপান্তর গ্রহণ করবে, তারাই এগিয়ে থাকবে।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহসভাপতি বিদিয়া অমৃত খান বলেন, শুধু ক্রেতার দেওয়া নকশা অনুযায়ী উৎপাদন করে আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। উদ্ভাবন, নিজস্ব নকশা, ব্র্যান্ড উন্নয়ন এবং উচ্চ মূল্যসংযোজন পণ্য উৎপাদনের দিকে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, এলডিসি-পরবর্তী বাণিজ্য বাস্তবতা, পরিবেশগত মানদণ্ড এবং বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রজন্মকে প্রস্তুত হতে হবে। একই সঙ্গে শুধু কম দামে প্রতিযোগিতা না করে ক্রেতাদের কাছ থেকে ন্যায্য মূল্য এবং পরিবেশ ও সামাজিক মান রক্ষার ব্যয় ভাগাভাগির দাবি তুলতে হবে।

উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ বলেন, মজুরি বৃদ্ধি এবং বৈশ্বিক প্রতিযোগিতা তীব্র হওয়ায় উৎপাদনশীলতা, গুণগত মান ও দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। ফলে অটোমেশন এখন আর বিলাসিতা নয়, বরং প্রয়োজন।

তিনি বলেন, ‘এআই মানুষকে প্রতিস্থাপন করবে না; বরং যারা এআই ব্যবহার করবে, তারা এআই ব্যবহার না করা মানুষকে প্রতিস্থাপন করবে।’

বায়লার সভাপতি আবরার হোসেন সায়েম বলেন, আগামী দিনের বৈশ্বিক বাজারে প্রচলিত ব্যবসায়িক মডেল দিয়ে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হবে না। ‘থিংক বিয়ন্ড টুডে’ শুধু একটি স্লোগান নয়, বরং ভবিষ্যতের প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় মানসিকতার প্রতিফলন। নতুন প্রজন্মের উদ্যোক্তাদের দ্রুত এআই ও ইন্ডাস্ট্রি ৪.০ প্রযুক্তি গ্রহণ করতে হবে।

শেলটেক গ্রুপের পরিচালক তানভীর আহমেদ বলেন, কোটা-পরবর্তী সময়, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং কোভিড-১৯ মহামারির মতো বড় চ্যালেঞ্জ বাংলাদেশ সফলভাবে মোকাবিলা করেছে। এখন নতুন বৈশ্বিক বাস্তবতায় টিকে থাকতে অটোমেশন, এআই, দক্ষ মানবসম্পদ এবং উচ্চ মূল্যসংযোজন পণ্যে আরও বেশি বিনিয়োগ প্রয়োজন।

ইউরোপিয়ান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (ইউরোচ্যাম) চেয়ারম্যান নুরিয়া লোপেজ বলেন, ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পোশাকের চাহিদা এখনও শক্তিশালী। তবে ভবিষ্যতে এই অবস্থান ধরে রাখতে টেকসই উৎপাদন, পরিবেশগত মানদণ্ড অনুসরণ এবং পণ্যের বহুমুখীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। নতুন প্রজন্মের উদ্যোক্তারা সবুজ কারখানা ও আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ করছেন, যা শিল্পের জন্য ইতিবাচক বার্তা।

এদিকে, ‘ম্যানুফ্যাকচারিংয়ের গণ্ডি পেরিয়ে ব্যবসা সম্প্রসারণ: ডিস্ট্রিবিউশন ও ভোক্তার অভিজ্ঞতার শক্তি’ শীর্ষক এক অধিবেশনে ট্রান্সকম লিমিটেডের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান বলেন, বৈশ্বিক ক্রেতারা এখন শুধু পোশাক কেনেন না; তারা বাংলাদেশের কাছ থেকে মানসম্মত উৎপাদন, টেকসই কার্যক্রম, আস্থা, উদ্ভাবন এবং নির্ভরযোগ্যতাও প্রত্যাশা করেন। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বায়লার প্রথম সহ-সভাপতি হাসিন আরমান আয়ন।

/জিএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুসাফির
মুসাফির
বিশ্বকাপে খেলার সুযোগ নেই, কিন্তু মৃত্যুর দৌড়ে সবার আগে 
বিশ্বকাপে খেলার সুযোগ নেই, কিন্তু মৃত্যুর দৌড়ে সবার আগে 
ককরোচ পার্টির আন্দোলনের মধ্যেই রাস্তায় নেমেছেন কৃষকরা, উত্তপ্ত ভারত
ককরোচ পার্টির আন্দোলনের মধ্যেই রাস্তায় নেমেছেন কৃষকরা, উত্তপ্ত ভারত
কথা বলতে হলে মন্ত্রীকে বিক্ষোভস্থলে আসতে হবে: ককরোচ জনতা পার্টি
কথা বলতে হলে মন্ত্রীকে বিক্ষোভস্থলে আসতে হবে: ককরোচ জনতা পার্টি
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন