জলবায়ুর বিরূপ প্রভাবে বাংলাদেশের লাখ-লাখ মানুষ বাস্তুহারা হচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, ব্যাপক আকারে প্রাণহানি ও সম্পদহানিও ঘটাচ্ছে। অন্ন, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক চাহিদাগুলোর অভাব তাদের সংকটময় সময়কে আরো ঘনিভূত করে তুলছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত ওয়েটিং ফর চেইঞ্জ শীর্ষক গবেষণা পত্রের মোড়ক উন্মোচন ও হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এই গবেষণাপত্রটি তৈরি করেছে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স ডেভলপমেন্ট ইনিসিয়েটিভ(এমআরডিআই)। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ-এবিবির সভাপতি আনিস এ খান প্রমুখ।
গভর্নর বলেন, জলোচ্ছ্বসের ফলে পানিতে লবণের পরিমাণ অধিক মাত্রায় বৃদ্ধি এবং কৃষি জমিতে লবণাক্ততা সংকটের কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে সুন্দরবনের কোলঘেঁষা উপকূলীয় অঞ্চলের শিশু, নারী, বৃদ্ধ-বৃদ্ধা, কিশোরীসহ কয়েক লাখ মানুষ বিশুদ্ধ পানীয় জলের অভাবে দুর্বিষহ জীবন কাটাচ্ছে। মৎস্য আহরণ, কৃষিজ উৎপাদন, পশুপালন, বনজ সম্পদ আহরণসহ এ সব অঞ্চলের মানুষের প্রধান কর্মসংস্থানের উৎসগুলো প্রাকৃতিক দুর্যোগের আঘাতে বিলীন হয়ে পড়েছে।
/জিএম/এমএনএইচ/








