সম্ভাবনাময় দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্কের আরও উন্নয়নের লক্ষ্যে দেশের অন্যতম বাণিজ্য সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তারের নেতৃত্বে বেসরকারি খাতের একটি বাণিজ্য প্রতিনিধি দল সৌদি আরব সফরে যাচ্ছে। প্রতিনিধি দলটি ২৮ অক্টোবর ঢাকা ত্যাগ করবে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ডিসিসিআই’র সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও কূটনৈতিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গত ৫ দশকে নতুন উচ্চতায় স্থান পেয়েছে, এরই ধারাবাহিকতায় দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণের কারণে ২০২২ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ২ বিলিয়ন মার্কিন ডলার, যেটি সামনের দিনগুলোতে আরও বৃদ্ধির প্রচুর সম্ভাবনা রয়েছে।
অর্থনৈতিক কূটনীতি, রফতানির বাজার বহুমুখীকরণ, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ সম্ভাবনা খুঁজে পেতে ডিসিসিআই সভাপতি সামীর সাত্তারের নেতৃত্বে সফরকারী বেসরকারি খাতের সর্ববৃহৎ এ প্রতিনিধি দলটি আগামী ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সৌদি আরব অবস্থান করবে।
সৌদি সরকার ‘সৌদি ভিশন ২০৩০’-এর মাধ্যমে সে দেশের বাণিজ্য ও বিনিয়োগে ব্যাপক পরিবর্তন আনার পরিকল্পনা গ্রহণ করেছে এবং ২০৩১ সালের মধ্যে একটি উচ্চ মধ্যম আয়ের দেশ হতে উত্তোরণের পথে রয়েছে বাংলাদেশ। এমন বাস্তবতায় দুদেশের একই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর যথেষ্ট সুযোগ তৈরি হবে। ঢাকা চেম্বার বিশ্বাস করে, এফএমসিজি, ভারী যন্ত্রপাতি, অটোমোবাইল, স্মার্ট ফার্মিং, হালাল পণ্য, ফিনটেক টেকনোলোজি, লজিস্টিক, অবকাঠামো প্রভৃতি খাতে দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ৬ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব।
ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার সামীর সাত্তারের নেতৃত্বে ৬১ সদস্যের এ বাণিজ্য প্রতিনিধি দলে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পর্যটন, আবাসন, নির্মাণ, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন ও শিক্ষা, তথ্য-প্রযুক্তি, লজিস্টিক, টেক্সটাইল সহ উৎপাদনমুখী খাতের দেশের স্বনামধন্য ব্যবসায়ীরা সৌদি আরব সফর করবেন। এ সফরকালে ঢাকা চেম্বারের বাণিজ্য প্রতিনিধি দলটি রিয়াদ চেম্বার, মক্কা চেম্বার, মদিনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মতো খ্যাতনামা বাণিজ্য সংগঠনগুলোর সঙ্গে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা সভা এবং সেখানকার বেসরকারি খাতের উদ্যোক্তাদের সঙ্গে বিজনেস ম্যাচ মেকিং (বিটুবি) সেশনে অংশগ্রহণ করবে।









