মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদ-এ প্রশাসক নিয়োগের কারণে পুরনো বোর্ড এবং প্রধান নির্বাহী থাকবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়োগ পাওয়া প্রশাসক বদিউজ্জামান দিদার। বৃহস্পতিবার (২২ আগস্ট) নগদের দায়িত্ব নেওয়ার পর এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
প্রশাসক বদিউজ্জামান জানান, নগদের এখনও পরিপূর্ণ লাইসেন্স নেই। তবে আইন অনুযায়ী, ডাক বিভাগ বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনুমোদন নিয়ে কার্যক্রম চালাচ্ছে। তাই আগামী এক বছর প্রতিষ্ঠানটিকে নেতিবাচক অবস্থান থেকে ফিরিয়ে এনে পরিপূর্ণ লাইসেন্স পাওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
তিনি জানান, নগদ এতদিন যেভাবে ব্যবসা করে আসছিল সেভাবেই করবে। শুধু কাঠামোগত পরিবর্তন করা হতে পারে। আর প্রয়োজন মনে হলে যেকোনও সময় নিরীক্ষা করা হবে। এছাড়া কারও চাকরি যাবে না বলেও জানান প্রশাসক।









