২০২৪-২৫ অর্থবছরের মে মাস পর্যন্ত রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনায় কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
সভায় এনবিআরের কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের সদস্য, ঢাকায় কর্মরত পদস্থ কমিশনার ও মহাপরিচালকরা এবং প্রথম ও দ্বিতীয় সচিবরা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তারা ভার্চুয়ালি এতে যুক্ত হন।
সভায় জানানো হয়, চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত এনবিআরের কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের সম্মিলিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৯৪৪৬.৪৫ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৩২৭৭৮২.২৬ কোটি টাকা— যা লক্ষ্যমাত্রার ৮৩ দশমিক ১০ শতাংশ। একই সময়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার ৬ শতাংশ।
এনবিআর চেয়ারম্যান বলেন, অর্থবছরের শেষ সময়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে, যতটা সম্ভব রাজস্ব আদায় নিশ্চিত করা। কারণ বেশি রাজস্ব আদায় মানেই সরকারের ঋণ নির্ভরতা কমে আসবে।
তিনি বকেয়া রাজস্ব আদায়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং এর জন্য প্রয়োজনীয় বিশেষ উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।
সভায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের কাছ থেকে পৃথকভাবে তাদের কর্মএলাকায় রাজস্ব আদায়ের অগ্রগতি ও চ্যালেঞ্জ সম্পর্কে তথ্য নেন চেয়ারম্যান। পাশাপাশি আগামী দিনগুলোতে রাজস্ব আদায় বাড়াতে গৃহীত পদক্ষেপের খোঁজখবরও নেন।
তিনি বলেন, রাজস্ব আদায় বাড়াতে গোয়েন্দা কার্যক্রম জোরদার করতে হবে। যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।
সভায় কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের সদস্যরাও রাজস্ব আদায় বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।









