ব্যবসায়ীদের চোখে কর ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত

কর-জিডিপির অনুপাত নেমেছে ৬.৬ শতাংশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২৫, ১৮:৪৬আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৮:৪৬

বাংলাদেশের কর ব্যবস্থা নিয়ে ব্যবসায়ীদের আস্থার সংকট দিন দিন বাড়ছে। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৭২ শতাংশ ব্যবসায়ী মনে করেন— কর কর্মকর্তারা দুর্নীতির সঙ্গে জড়িত। একইসঙ্গে, ৮২ শতাংশ উদ্যোক্তা কর ব্যবস্থাকে অসঙ্গতিপূর্ণ বলে উল্লেখ করেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে আয়োজিত ‘করপোরেট ট্যাক্স ও ভ্যাট সংস্কার: এনবিআরের জন্য ন্যায়সঙ্গত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এক সংলাপে এ জরিপের ফল প্রকাশ করা হয়। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ১২৩টি কোম্পানির প্রতিনিধির অংশগ্রহণে এই জরিপ পরিচালনা করে সিপিডি।

জরিপে আরও বলা হয়, প্রায় পাঁচজন ব্যবসায়ীর মধ্যে চারজন মনে করেন, কর কর্মকর্তাদের মধ্যে দায়বদ্ধতার অভাব রয়েছে। ফলে কর আহরণ ব্যবস্থার প্রতি আস্থাহীনতা ও অসন্তোষ প্রকট হচ্ছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, “আমাদের কর-জিডিপি অনুপাত ক্রমেই কমছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, তাদের অনুপাত ১২ শতাংশের বেশি; অথচ আমাদেরটা নেমে এসেছে ৬.৬ শতাংশে, যা অত্যন্ত উদ্বেগজনক।”

২০২৩ সালে কর ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, বলে সিপিডির প্রতিবেদনে উল্লেখ করা হয়। অপরদিকে ২০২৪-২৫ অর্থবছরে এনবিআর প্রায় ৩ লাখ ৭১ হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে।

রাজস্ব খাতে সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, “ভ্যাটের ক্ষেত্রে একটি একক হার নির্ধারণের চেষ্টা চলছে। তবে ব্যবসায়ীরাই এতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এখন ভ্যাট দিতে আর কারও কাছে যেতে হয় না, অনলাইনে এক ক্লিকেই পরিশোধ করা যায়।”

তিনি আরও বলেন, “আমরা কর্মসংস্থান সৃষ্টির স্বার্থে দেশি-বিদেশি কোম্পানিকে কর ছাড় দিয়ে থাকি। কিন্তু অনেক ক্ষেত্রে আট বছরের জন্য দেওয়া ছাড় ৪০ বছর পর্যন্ত দীর্ঘায়িত হয়। এটি রাজস্ব ব্যবস্থাপনার অদক্ষতারই প্রমাণ।”

রাজস্ব সংগ্রহে কাঙ্ক্ষিত উন্নতি না হলে বিদেশি ঋণের বোঝা সামাল দেওয়া কঠিন হয়ে উঠবে বলেও সতর্ক করেন আবদুর রহমান খান। তিনি জানান, রাজস্ব আহরণ প্রক্রিয়াকে কার্যকর করতে নীতিনির্ধারণ ও ব্যবস্থাপনাকে পৃথক দুটি বিভাগে ভাগ করা হবে।

এছাড়া, স্বয়ংক্রিয় ব্যবস্থা বা অটোমেশন চালু হওয়ার আগে পর্যন্ত অপ্রয়োজনীয় ভ্যাট নিরীক্ষা স্থগিত থাকবে বলে ঘোষণা দেন এনবিআর চেয়ারম্যান।

সংলাপে ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা উপস্থিত থেকে করনীতি ও রাজস্ব ব্যবস্থাপনায় সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
জ্বালানি সংকট সামষ্টিক অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে: দেবপ্রিয়
মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি ও বিনিয়োগ সংকট মোকাবিলার পরামর্শ সিপিডির 
এখন সরকারের কাছে পৌঁছানো যায়, আগে সম্ভব ছিল না: বিজিএমইএ সভাপতি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী