দেশের সাধারণ মূল্যস্ফীতি আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৮ শতাংশে। আগের মাস ডিসেম্বরে এই হার ছিল ৮ দশমিক ৪৯ শতাংশ। মূলত খাদ্য খাতের মূল্যবৃদ্ধি সামগ্রিক মূল্যস্ফীতিকে ওপরের দিকে টেনে নিয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।
বিবিএসের তথ্যানুসারে, জানুয়ারি মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়ে ৮ দশমিক ২৯ শতাংশে দাঁড়িয়েছে, যা ডিসেম্বর মাসে ছিল ৭ দশমিক ৭১ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে খাদ্যপণ্যের ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।
অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। জানুয়ারিতে এই খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৮১ শতাংশে, যা আগের মাসে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ।
জানুয়ারি মাসে মূল্যস্ফীতি সামান্য বাড়লেও গত বছরের একই সময়ের তুলনায় তা কিছুটা কম। ২০২৫ সালের জানুয়ারিতে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। সে সময় খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৭২ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩২ শতাংশ।
সার্বিকভাবে মাসের ব্যবধানে মূল্যস্ফীতি সামান্য বাড়লেও, বার্ষিক হিসাবে বাজারে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।









