দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে চলতি বছরের মার্চে। সদ্য শেষ হওয়া মাসে প্রবাসী বাংলাদেশিরা তিন দশমিক ৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। রেমিট্যান্সের এই উস্ফলন অব্যাহত রয়েছে চলতি মাসেও। এপ্রিলের প্রথম চার দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৩৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় চার হাজার ১৩৫ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। সে হিসাবে দৈনিক গড়ে এক হাজার কোটি টাকারও বেশি রেমিট্যান্স দেশে আসছে।
রবিবার (৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত বছরের এপ্রিল মাসের একই সময় অর্থাৎ প্রথম চার দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ছয় কোটি ৫০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে এ বছর একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৪২৫ দশমিক ৩০ শতাংশ।
এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৫৪ কোটি ৮০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১৮৫ কোটি ডলার।
বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে সরকারের প্রণোদনা, হুন্ডির বিরুদ্ধে নজরদারি বৃদ্ধি এবং প্রবাসীদের ব্যাংকিং চ্যানেল ব্যবহারে উৎসাহিত করার কারণে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।









