দেশের রফতানি খাতের সম্প্রসারণ, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং বৃহৎ কর্মসংস্থান সৃষ্টিতে শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।
সরকারি এই বিনিয়োগ উন্নয়ন সংস্থা জানিয়েছে, প্রতিষ্ঠার ৪৫ বছরে তারা শুধু রফতানি প্রবৃদ্ধিতেই নয়, বরং পরিবেশবান্ধব শিল্পায়ন, কমপ্লায়েন্স নিশ্চিতকরণ এবং মানবসম্পদ উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
সোমবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেপজার নির্বাহী পরিচালক আনোয়ার পারভেজ বলেন, চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল দিয়ে যাত্রা শুরু করে পরবর্তীতে দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং অর্থনৈতিক অঞ্চল স্থাপনের মাধ্যমে বেপজা আজ একটি সফল ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, স্বাধীনতা-পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠনের প্রেক্ষাপটে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও পরিকল্পিত শিল্পায়নের লক্ষ্য নিয়ে ১৯৮০ সালে আইন প্রণয়ন এবং ১৯৮১ সালের ১৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বেপজার কার্যক্রম শুরু হয়।
আগামী ১৫ এপ্রিল দেশের রফতানিমুখী শিল্পায়নের অগ্রদূত ও শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে বেপজা ৪৫ বছর পূর্ণ করে ৪৬তম বছরে পদার্পণ করবে। প্রতিষ্ঠানটি দীর্ঘ এই পথচলায় দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালীকরণ এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।









