নতুন মজুরি কার্যকর ১ ডিসেম্বর থেকে, ঘোষণা কবে নিশ্চিত নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৬, ২১:০৮ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ২১:০৮

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি চূড়ান্ত করতে দ্রুততম সময়ের মধ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে নতুন মজুরি ঘোষণার নির্দিষ্ট কোনও তারিখ এখনো ঠিক হয়নি। মজুরি চূড়ান্ত হওয়ার পর তা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। ফলে নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকেরা জানুয়ারির প্রথম সপ্তাহে বর্ধিত বেতন পাবেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায়   রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ড কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

তিনি বলেন, ১ ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি ঘোষণা করা হবে—এমন কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। নতুন মজুরি নির্ধারণে আইনগত ও বাস্তবিক কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। মজুরি চূড়ান্ত হওয়ার পর গেজেট প্রজ্ঞাপনে উল্লেখ থাকবে, বর্ধিত মজুরি ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

চেয়ারম্যান বলেন, আইন অনুযায়ী নতুন মজুরি নির্ধারণে বোর্ড ছয় মাস সময় পায়। প্রয়োজনে সরকারের কাছ থেকে অতিরিক্ত সময় নেওয়ারও সুযোগ রয়েছে। তবে সরকার দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে সমাধান চায়। বোর্ডও সেই লক্ষ্য নিয়ে কাজ করছে।

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গঠিত বোর্ড ইতিমধ্যে দুটি সভা করেছে। তৃতীয় সভাটি সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বোর্ডের একজন স্থায়ী সদস্য অসুস্থ হয়ে পড়ায় তা স্থগিত করা হয়। নতুন করে আগামী ২৩ নভেম্বর সভার তারিখ নির্ধারণ করা হয়েছে।

সভা স্থগিতের কারণ ব্যাখ্যা করে সৈয়দ আজাদ সুবহানী বলেন, অসুস্থ হয়ে পড়া সদস্য শ্রমিকপক্ষের প্রতিনিধি। তাঁকে ছাড়াও সভা করার ক্ষেত্রে আইনগত বাধা না থাকলেও নৈতিক ও বাস্তবিক কারণে সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা স্থগিতের পেছনে কোনও পক্ষের চাপ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁর ওপর কোনও পক্ষ থেকে চাপ, অনুরোধ কিংবা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেনি। শ্রমিকদের আশ্বস্ত করে তিনি বলেন, কোনও তরফে আমার ওপর কোনো চাপ বা অনুরোধ বা উপরোধ বা ভীতি প্রদর্শনের কিছুই নেই। এটি আমি আপনাদের মাধ্যমে শ্রমিক ভাইদের হলফ করে বলছি।

মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব দিয়েছে কি না, জানতে চাইলে বোর্ডের চেয়ারম্যান বলেন, মালিকপক্ষ তৃতীয় সভার জন্য অপেক্ষা করছে। ওই সভাতেই তারা তাদের প্রস্তাব জানাবে।

নভেম্বরের মধ্যে নতুন মজুরির খসড়া প্রস্তাব প্রকাশ করা সম্ভব কি না, এমন প্রশ্নে তিনি বলেন, মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব পাওয়ার পর সেগুলো নিয়ে আলোচনা ও দর-কষাকষি করতে হবে। উভয় পক্ষকে আলোচনায় বসিয়ে বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে চায় বোর্ড।

তিনি বলেন, কোনও পক্ষের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দিলে তা বাস্তবায়নযোগ্য হবে কি না, সেটিও বিবেচনায় নিতে হবে। একই সঙ্গে আইনি প্রক্রিয়া অনুসরণ না করলে সিদ্ধান্তে ত্রুটি থাকতে পারে। তখন কেউ সেটি বাতিলের সুযোগ নিতে পারে।

এদিকে নতুন মজুরি নির্ধারণে শ্রমিকদের প্রকৃত জীবনযাত্রার ব্যয় ও কারখানার সক্ষমতা যাচাই করছে বোর্ড। এ জন্য বিভিন্ন শিল্পাঞ্চলে কারখানা পরিদর্শন করছেন বোর্ডের সদস্যরা।

সৈয়দ আজাদ সুবহানী জানান, দ্বিতীয় সভার পর বোর্ডের সদস্যরা চট্টগ্রামের বিভিন্ন শিল্পাঞ্চলে ছোট, মাঝারি ও বড় আকারের তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেছেন। এ সময় বিভিন্ন গ্রেডের শ্রমিক, কর্মচারী ও মালিকপক্ষের সঙ্গে কথা বলেছেন তারা।

গত ১৫ নভেম্বর নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলের একাধিক কারখানাও পরিদর্শন করা হয়। সেখানে শ্রমিকদের প্রকৃত বেতন, আবাসন ব্যয়, পারিবারিক খরচ এবং তাদের আয়ের ওপর নির্ভরশীল পরিবারের সদস্য সংখ্যা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। সোমবার শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারকে সঙ্গে নিয়ে সাভারের কয়েকটি কারখানা পরিদর্শন করেন বোর্ডের চেয়ারম্যান।

তিনি জানান, এসব পরিদর্শনে পাওয়া তথ্য নতুন মজুরি নির্ধারণের প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে। শুধু মালিক বা শ্রমিকপক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে কারখানা ও শ্রমিকদের বাস্তব পরিস্থিতি যাচাই করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে: জোনায়েদ সাকি
শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া: গাজীপুরে ৭০ কারখানায় ছুটি ঘোষণা
দুই মহাসড়কে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সর্বশেষ খবর
টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ
টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা ‘খুব কাছে’: ট্রাম্প
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা ‘খুব কাছে’: ট্রাম্প
বাংলাদেশকে হারানোর ২২ বছর পর টেস্ট সিরিজ জিতলো জিম্বাবুয়ে! 
বাংলাদেশকে হারানোর ২২ বছর পর টেস্ট সিরিজ জিতলো জিম্বাবুয়ে! 
আফগানিস্তানে মার্কিন বাহিনীর কথিত অপরাধের তদন্ত বন্ধের নির্দেশ আইসিসির
আফগানিস্তানে মার্কিন বাহিনীর কথিত অপরাধের তদন্ত বন্ধের নির্দেশ আইসিসির
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক