পরিবেশবান্ধব কারখানা স্থাপনে শুল্ক সুবিধা দিতে সরকারের প্রতি অনুরোধ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁও এ বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অনুরোধ করেন।
‘টেকসই উন্নয়নের জন্য সবুজ অর্থায়ন’ শীর্ষক আলোচনা সভায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম শিকদার, ইডকলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ মালিক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মিজার আর খান প্রমুখ। এতে সভাপতিত্ব করেন বিএসআরইএর সভাপতি দিপাল সি বড়ুয়া।
আলোচনা সভায় পরিবেশবান্ধব কারখানায় সহজ অর্থায়নে ব্যাংকগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান গভর্নর। তিনি উল্লেখ করেন, আমি ব্যাংকগুলোকে বলব, যেসব প্রতিষ্ঠান পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করবে, আপনারা তাদের পাশে থাকবেন। একই সঙ্গে সরকারকেও অনুরোধ করবো পরিবেশবান্ধব কারখানা স্থাপনে শুল্ক সুবিধা দিতে। ইতিমধ্যে আমরা রিজার্ভ থেকে ২০ কোটি ডলারের একটি গ্রিন ফান্ড তৈরি করেছি। এই তহবিল থেকে বস্ত্র ও চামড়া শিল্পের উদ্যোক্তারা ঋণ পাবেন। এর মধ্য দিয়ে পৃথিবীকে একটি বার্তা পৌঁছে দিতে চাই যে, আমরা আক্রান্ত হয়েও সবুজ পণ্য উৎপাদন করছি। উন্নত দেশগুলোর অতিরিক্ত মাত্রায় কার্বন নিঃসরণের কারণে ক্ষতির শিকার হয়েও সবুজ জ্বালানির জন্য বাংলাদেশ কষ্টার্জিত অর্থ ব্যয় করছে বলে মন্তব্য করেন তিনি।
গভর্নর বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করতে হলে পরিবেশবান্ধব শিল্পায়নের বিকল্প নেই। এজন্য উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে পরিবেশবান্ধব কার্যক্রমের প্রসার ঘটেছে। বর্তমানে ৫০টির মতো সবুজ পণ্য উৎপাদিত। এ বিষয়ে এখন বাংলাদেশকে বিশ্বে ব্র্যান্ডিং করার সময় হয়েছে বলে তারা মত দেন। তবে এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানান তারা।
/জিএম/এফএ/







