বিদ্যুতের ডিজিটালাইজেশনে আরেক ধাপ এগিয়ে গেলো ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (ডেসকো)। গ্রাহকসেবা বাড়াতে মিরপুরে সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডাটা একুজিশন (স্ক্যাডা) প্রকল্প চালু করা হয়েছে।
রবিবার (১৯ ডিসেম্বর) ডেসকো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এর মাধ্যমে ডেসকোর আওতাধীন ৬৯টি বৈদ্যুতিক উপকেন্দ্র স্ক্যাডা কন্ট্রোল সেন্টার হতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এছাড়া ৩৩ কেভি এবং ১১ কেভি ফিডারের লোডের মান নিয়ন্ত্রণ, সময়ভেদে লোডের তারতম্য নির্ধারণসহ সিস্টেম ফল্টের স্বয়ংক্রিয় বিবরণ প্রস্তুত করা সম্ভব হবে।
ফলে কেন্দ্রীয় ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে গ্রাহকদেরকে নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন প্রকল্পটি আগামী বছরের জুনে শেষ হবে।
গত শনিবার বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান এই প্রকল্প পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় সচিবের সঙ্গে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও ডেসকো বোর্ডের চেয়ারম্যান মোহা. সেলিম উদ্দিন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মহসিন চৌধুরী, অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মো. নুরুল আলম, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাউসার আমির আলী, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









