পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চাকরিতে বৈষম্য নিরসনসহ বোর্ডের দুর্নীতি, লুটপাট ও নিম্নমানের মালামাল কেনার প্রতিবাদে আরইবির প্রধান কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন কর্মকর্তা-কর্মচারিরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) বোর্ডের প্রতি অনাস্থা জানিয়ে রাজধানীর খিলক্ষেতে প্রধান কার্যালয় ঘেরাও করেন আরইবির ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
তারা অভিযোগ করেন, আরইবির অদক্ষতা ও নিম্নমানের মালামাল কেনা এবং ভেঙে পড়া বিতরণ ব্যবস্থা ও অবকাঠামোর কারণে ১২ কোটি গ্রাহক কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। এসব নিয়ে প্রতিবাদ করলে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে হয়রানিমূলক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে বুধবার (৭ আগস্ট) সমিতি কর্মবিরতির ঘোষণা দিলে আরইবির পক্ষ থেকে স্টেশন ছেড়ে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়। গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে পল্লী বিদ্যুতের সব সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় আরইবি।









