এলএনজি খাতে বিনিয়োগ বাংলাদেশকে ঝুঁকিতে ফেলবে: জিইএম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৬, ০৮:৩৯আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৯

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজার অস্থির হয়ে ওঠায় দক্ষিণ এশিয়ায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) অবকাঠামো সম্প্রসারণ নতুন ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে গ্লোবাল এনার্জি মনিটর (জিইএম)। সংস্থাটির মতে, এতে বাংলাদেশসহ অঞ্চলের দেশগুলো বাড়তি অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত জিইএমের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাদের এশিয়া গ্যাস ট্র্যাকার অনুযায়ী বর্তমানে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে প্রায় ১০৭ বিলিয়ন ডলার মূল্যের এলএনজি টার্মিনাল ও গ্যাস পাইপলাইন প্রকল্প প্রস্তাবিত বা নির্মাণাধীন রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের ইরানে হামলার পর জ্বালানি বাজারে মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলেও বিঘ্ন তৈরি হয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বে তেল ও গ্যাস সরবরাহের বড় একটি অংশ পরিবহন করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ায় এলএনজি অবকাঠামো দ্রুত সম্প্রসারণ করলে অঞ্চলটি মূল্যবৃদ্ধি ও সরবরাহ বিঘ্নের ঝুঁকিতে পড়তে পারে। জিইএমের হিসাবে, দক্ষিণ এশিয়া বর্তমানে বিশ্বের উন্নয়নাধীন এলএনজি আমদানি সক্ষমতার ১৭ শতাংশের প্রতিনিধিত্ব করছে, যার পরিমাণ বছরে ১১০ দশমিক ৭ মিলিয়ন টন। একই সঙ্গে বৈশ্বিক গ্যাস পাইপলাইন সম্প্রসারণেরও প্রায় ১৭ শতাংশ এই অঞ্চলে, যার মোট দৈর্ঘ্য ৩৪ হাজার ১৪৬ কিলোমিটার।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ও পাকিস্তান এমন এলএনজি আমদানি অবকাঠামো পরিকল্পনা করছে, যা বাস্তবায়িত হলে তাদের বর্তমান সক্ষমতা প্রায় দ্বিগুণ হবে। অন্যদিকে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলএনজি টার্মিনাল সম্প্রসারণ এবং তৃতীয় বৃহত্তম গ্যাস পাইপলাইন নির্মাণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

জিইএমের গ্লোবাল এলএনজি বিশ্লেষক রবার্ট রোজানস্কি বলেন, এলএনজি আমদানির ওপর নির্ভরশীল দক্ষিণ এশিয়ার অর্থনীতিগুলো বৈশ্বিক মূল্য ধাক্কা সামাল দিতে হিমশিম খেতে পারে। তার মতে, নতুন গ্যাস অবকাঠামো নির্মাণের ঝুঁকি বিবেচনায় দীর্ঘমেয়াদে নবায়নযোগ্য জ্বালানির মতো দেশীয় বিকল্পগুলোই বেশি সাশ্রয়ী ও নির্ভরযোগ্য।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, গত এক দশকে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান যে পরিমাণ এলএনজি আমদানি সক্ষমতা চালু করেছে, তার দুই থেকে তিন গুণ বেশি প্রকল্প বাতিল বা স্থগিত হয়েছে। দক্ষিণ এশিয়ায় প্রস্তাবিত এলএনজি টার্মিনাল প্রকল্পগুলোর ব্যর্থতার হার ইউরোপের অনুরূপ প্রকল্পগুলোর তুলনায়ও বেশি।

জিইএমের তেল-গ্যাস কর্মসূচির পরিচালক জুই জলি বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর এলএনজির দাম বাড়া ও সরবরাহ সংকুচিত হওয়া বাংলাদেশের জন্য সতর্ক সংকেত। তার মতে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এলএনজির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়াই দীর্ঘমেয়াদে বেশি কার্যকর হতে পারে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
তীব্র গ্যাস সংকট, কী বলছে তিতাস
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে এনজিওর প্রতি জ্বালানিমন্ত্রীর আহ্বান
৮ ঘণ্টা রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
সর্বশেষ খবর
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
উজ্জ্বল ত্বকের জন্য নীলম কোঠারির প্রিয় ঘরোয়া ফেস মাস্ক
উজ্জ্বল ত্বকের জন্য নীলম কোঠারির প্রিয় ঘরোয়া ফেস মাস্ক
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁই ছুঁই
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁই ছুঁই
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী