ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপি গ্যাস) উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। এপ্রিল মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৭২৮ টাকা, যা আগের মাসের তুলনায় ৩৮৭ টাকা বেশি।
একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার অটোগ্যাস ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৬১ টাকা ৮৩ পয়সা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এই নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানায়, ঘোষিত এই দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
এর আগে মার্চ মাসে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১,৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দাম সামান্য কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়।
এর আগে ফেব্রুয়ারির শুরুতে ১২ কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয় এক হাজার ৩৫৬ টাকা। এরপর এলপিজির আমদানি শুল্ক কমলে গত ২৪ ফেব্রুয়ারি দাম সমন্বয় করে ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা করা হয়।
এদিকে সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহৃত রেটিকুলেটেড পদ্ধতিতে এলপিজির দামও বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতিকেজি রেটিকুলেটেড এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ৩১১ টাকা ৭০ পয়সা।









