এলএনজি টার্মিনালের ত্রুটিতে ঘরে-বাইরে গ্যাসের শূন্যতা

ইমরান আলী ও সাদ্দিফ অভি
২৩ জুলাই ২০২৬, ২২:০০আপডেট : ২৩ জুলাই ২০২৬, ২২:০০

রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা গ্যাসের সংকটের মাঝে নতুন করে যুক্ত হয়েছে আরেক দুর্ভোগ। দিনের নির্দিষ্ট সময়ে গ্যাস আসলেও অনেক এলাকায় এখন তাও আসছে না। দুর্ভোগের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সিএনজি পাম্পেও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে। এতে করে ঘরে এবং বাইরে উভয় জায়গায় দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে সারা দেশেই এখন গ্যাসের তীব্র সংকট চলছে। এই ত্রুটি সারতে অন্তত দুইদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। গ্যাসের অভাবে রাজধানীর বিভিন্ন পাম্পে দীর্ঘ হচ্ছে যানবাহনের লাইন। ৬ থেকে ৭ ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস মিলছে না বলে অভিযোগ চালকদের।  

মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের কারণে দৈনিক প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। এ কারণে শিল্প কারখানা, বিদ্যুৎকেন্দ্র ও সিএনজিসহ অন্যান্য গ্রাহকের ওপর চাপ পড়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘‘এলএনজি বোঝাই জাহাজ দূরে ছিল বলে কিছুটা রক্ষা হয়েছে। না হলে বিশাল ঝামেলা হতে পারতো।’’

গত ২১ জুলাই যান্ত্রিক ক্রটির কারণে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামে অবস্থিত একটি ভাসমান এলএনজি টার্মিনাল। এতে করে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সংকট বেড়েছে।  রাজধানীর বেশিরভাগ এলাকাতেই দীর্ঘদিন ধরেই গ্যাস সংকট চলে আসছিল। এরমধ্যে এলএনজি টার্মিনালে ত্রুটি দেখা দেওয়ায় এখন কোনোভাবেই চুলা জলছে না। এতে করে রান্না নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। একই কারণে পাম্পগুলোতেও মিলছে না গ্যাস। রাজধানীর বিভিন্ন পাম্পে দেখা গেছে যানবাহনের লম্বা লাইন।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ভাসমান এলএনজি টার্মিনালটির কারিগরি ত্রুটি দ্রুত নিরসনের জন্য কাজ করছে সংশ্লিষ্ট সংস্থা ও কারিগরি বিশেষজ্ঞরা। একইসঙ্গে সীমিত সরবরাহের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জরুরি ব্যবস্থাপনায় অগ্রাধিকার দিয়ে অব্যাহত রাখার চেষ্টা চলছে। কারিগরি ত্রুটি সারিয়ে উৎপাদনে এলেই গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফিরে আসবে। ত্রুটি সারতে অন্তত দুইদিন সময় লাগবে।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সময় আরও বেশি লাগতে পারে। কবে নাগাদ টার্মিনালটি চালু হবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের মুখপাত্র যুগ্মসচিব মুনির হোসেন চৌধুরী বলেছেন, বর্তমান সংকটের তাৎক্ষণিক কারণ ভাসমান এলএনজি টার্মিনাল হলেও দেশের জ্বালানি খাতের দীর্ঘদিন ধরে আমদানি নির্ভরতা ও পরিস্থিতির প্রভাবকে আরও তীব্র করেছে । 

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল ৫টা। রাজধানীর মেরুল বাড্ডার জামান সিএনজি স্টেশনে বিষণ্ন মন নিয়ে বসে আছেন সিএনজি-চালক কাওছার মিয়া। সাংবাদিক পরিচয়ে কথা বলতে চাইলে তিনি প্রায় কান্নাজড়িত কণ্ঠে বলে উঠেন, ‘‘ভাই, কাল থেকে এখানে আছি গ্যাসের জন্য। কিন্তু কোনও গ্যাস পাইনি। কখন পাবো তাও জানি না।’’

ভোগান্তিতে সিএনজিচালিত অটোরিকশা চালকরা। ছবি: বাংলা ট্রিবিউন

কাওছার জানান, বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় তিনি এই সিএনজি স্টেশনে এসেছেন। রাত ১২টা পর্যন্ত অপেক্ষা করেও গ্যাস পাননি। পরে সিএনজি অটোরিকশাটি  পাম্পে রেখেই বাসায় চলে যান। আজ  ভোরে আবার এসেছেন। কিন্তু পাম্পের লোকজন তাকে জানিয়েছেন যে, গ্যাস নেই। সরবরাহের গাড়িও আসেনি।

এই পাম্পেই অপেক্ষমান আরেকজন চালক আনসার আলীরও একই অবস্থা। তিনি জানান, কোনও পাম্পেই গ্যাস মিলছে না। তাই বাধ্য হয়ে ঘণ্টার পর ঘন্টার অপেক্ষা করছেন। সরেজমিনে দেখা গেছে, এই স্টেশনের সামনে ১০/১৫ জন সিএনজি-চালক অপেক্ষা করছেন। কিন্তু পরিস্থিতির কোনও উন্নতি নেই। 

শুধু মেরুল বাড্ডাই নয়, পুরো রাজধানীজুড়েই সিএনজি স্টেশনগুলোতে গ্যাস পাওয়া যাচ্ছে না। এ কারণেই সিএনজি-চালকরা গাড়ি চালাতে পারছেন না। সিএনজি-চালিত প্রাইভেটকারের একই অবস্থা। গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিন ধরে গ্যাসের যে তীব্র সংকট চলছে, তার কোনও উন্নতি হয়নি। সিএনজি স্টেশনগুলোর সামনে গ্যাস নেওয়ার জন্য শত শত গাড়ি অপেক্ষা করছে। কেউ ৬ ঘণ্টা, কেউবা ৮ ঘণ্টা, আবার কেউ ১২ ঘণ্টা ধরে লাইনে অপেক্ষা করছেন।

জামান সিএনজি স্টেশনের বিক্রয় কর্মী আবু সাঈদ বলেন, ‘‘গ্যাস কখন আসবে বলতে পারবো না। আমরা আজ কোনও গ্যাস দিতে পারিনি। যখন আসবে তখন থেকেই দেওয়া শুরু করবো।’’

অন্যান্য সিএনজি পাম্প ঘুরেও একই দৃশ্য দেখা গেছে। বুধবার থেকে তাদের গ্যাস সংকট চলছে। কয়েকজন সিএনজি চালক জানান, তাদের সিএনজির জমা রয়েছে। অর্থাৎ দিন গেলেই মালিককে ১২০০ টাকা দিতে হয়। কিন্তু গাড়ি না চালালে তারা কীভাবে জমার টাকা দেবেন। তারা বলছেন, মালিককে জমা দেওয়া তো দূরের কথা, পরিবারের জন্য খাবারের টাকাও জুটছে না।

তিতাস জানিয়েছে বর্তমানে দৈনিক ৪০০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে ২৭০ কোটি ঘনফটু পর্যন্ত গ্যাস সরবরাহ করা হয়। এরমধ্যে ১০ শতাংশ ব্যবহার হচ্ছে রান্নার চুলায়। গ্যাস সংকট মোকাবিলায় সরকার বাসাবাড়িতে আর প্রিপেইড মিটার স্থাপন করতে চাচ্ছে না।  দেশে বর্তমানে উত্তোলনযোগ্য (রিকভারেবল) প্রাকৃতিক গ্যাসের মজুতের পরিমাণ ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। তবে দেশে প্রতিদিন গ্যাস সরবরাহে প্রায় ১ হাজার ১৪৬ মিলিয়ন ঘনফুট ঘাটতি রয়েছে।

আটটি গ্রাহক শ্রেণির অনুমোদিত গ্যাস লোডের ভিত্তিতে বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত গড়ে দৈনিক গ্যাস সরবরাহ ছিল প্রায় ২ হাজার ৬৫৪ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন প্রায় ১ হাজার ১৪৬ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি থেকে যাচ্ছে।

মোহাম্মদপুরের বাসিন্দা রাকিব জানান, এমনিতেই অন্যান্য দিন গ্যাসের চাপ কম থাকে। কয়েকদিন ধরে একবারেই গ্যাস নেই। মধ্যরাতে অল্প একটু গ্যাস আসে, তাও নিভু নিভু অবস্থায়। ফলে রান্না নিয়ে খুব কষ্ট করতে হচ্ছে।

/এপিএইচ/
সম্পর্কিত
৮-১০ ঘণ্টা দাঁড়িয়েও গ্যাস পাচ্ছি না, দাম বাড়ানোর পাঁয়তারা বলছেন চালকরা
গ্যাসের চাপ কমে যাওয়ার কারণ জানালেন জ্বালানিমন্ত্রী 
গ্যাস সংকট, ত্রুটি সমাধানে দুই দিন লাগতে পারে: মন্ত্রণালয়
সর্বশেষ খবর
দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন কর্মী, বললেন ‘মানুষ ছি ছি করছে’
দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন কর্মী, বললেন ‘মানুষ ছি ছি করছে’
গণবাহিনীর ক্যাডার থেকে জামায়াত নেতা: এক ভিডিওতে ক্যারিয়ার শেষ
গণবাহিনীর ক্যাডার থেকে জামায়াত নেতা: এক ভিডিওতে ক্যারিয়ার শেষ
নৌবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম
নৌবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন