মিয়ানমারে অভ্যুত্থানের নিন্দায় সরব আন্তর্জাতিক সম্প্রদায়

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০৯ আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৪

মিয়ানমারে সোমবারের সামরিক অভ্যুত্থানের নিন্দায় সরব হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও ভারতসহ বিভিন্ন দেশ এরইমধ্যে এ ব্যাপারে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে। জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোও অভ্যুত্থানের তীব্র নিন্দা জানিয়েছে। এ ঘটনাকে গণতন্ত্রের ওপর মারাত্মক আঘাত হিসেবে বর্ণনা করেছে তারা।

যুক্তরাষ্ট্র

মিয়ানমার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি জে ব্লিনকেন। বর্মি সেনাবাহিনীকে অবিলম্বে তাদের কর্মকাণ্ড পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।

অ্যান্টোনি জে ব্লিনকেন বলেন, ‘সব সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের নেতাদের মুক্তি দিতে বার্মিজ সামরিক নেতাদের প্রতি আহ্বান জানাই। ৮ নভেম্বর নির্বাচনে বার্মার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। এর প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। গণতন্ত্র, স্বাধীনতা, শান্তি ও উন্নয়নের জন্য বার্মার মানুষের যে আকাঙ্ক্ষা যুক্তরাষ্ট্রও তার সঙ্গে একাত্ম।

হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেছেন, যুক্তরাষ্ট্র মিয়ানমারের সাম্প্রতিক নির্বাচনের ফল পরিবর্তনের চেষ্টা বা দেশটির গণতান্ত্রিক উত্তরণে প্রতিবন্ধকতা তৈরির যে কোনও প্রয়াসের বিরোধী। এসব পদক্ষেপ বাতিল করা না হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন মিয়ানমারের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন। তিনি বলেন, ‘মিয়ানমার সেনাবাহিনী আবারও দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। তারা রাষ্ট্রীয় কাউন্সেলর অং সান সু চি এবং প্রেসিডেন্ট ইউ উইন মিন্টকে আটক করেছে। এ ধরনের খবর গভীর উদ্বেগজনক।

তিনি বলেন, ‘আমরা সামরিক বাহিনীকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হতে, আইনি ব্যবস্থার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে এবং অবৈধভাবে আটককৃত সব বেসামরিক নেতাদের ও অন্যদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাই।’

ভারত

ভারতের জানিয়েছে, তারা গভীর উদ্বেগের সঙ্গে মিয়ানমার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মিয়ানমারে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় ভারত সব সময় সমর্থন দিয়ে এসেছে। আমাদের বিশ্বাস, আইনের শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়া অবশ্যই বহাল থাকবে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

জাপান

জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ক্যাটসুনোবু কাটো বলেছেন, তার দেশ মিয়ানমারের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দেশটিতে থাকা জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে টোকিও যথাসাধ্য চেষ্টা করবে।

জাতিসংঘ

নতুন পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে সেনা অভ্যুত্থান ও বেসামরিক নেতাদের আটকের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এসব ঘটনাবলীকে মিয়ানমারে গণতান্ত্রিক সংস্কারের পথে মারাত্মক আঘাত হিসেবে আখ্যায়িত করেছেন বিশ্ব সংস্থার মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।

তার মুখপাত্র স্টিফেন ডুজেরিক এক বিবৃতিতে বলেছেন, ‘জাতিসংঘ মহাসচিব মিয়ানমারের পার্লামেন্ট অধিবেশন শুরুর আগ মুহূর্তে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিন্ট ও অন্যান্য রাজনৈতিক নেতাদের আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।’

অ্যান্টোনিও গুতেরেস বলেন, ‘সব নেতাদের মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কারের বৃহত্তম স্বার্থে কাজ করতে হবে, অর্থপূর্ণ সংলাপে অংশ নিতে হবে, সহিংসতা থেকে বিরত থাকতে হবে এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতাকে পুরোপুরি সম্মান করতে হবে।’ সামরিক নেতৃত্বকে তিনি ‘মিয়ানমারের জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা’ দেখানোর আহ্বান জানিয়েছেন।

হিউম্যান রাইটস ওয়াচ

রাষ্ট্রীয় কাউন্সেলর অং সান সু চি এবং অবৈধভাবে আটককৃত সবাইকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।

এদিকে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে রাজপথে নামতে মিয়ানমারের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন অং সান সু চি। তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)-র এক বিবৃতিতে বলা হয়েছে, সু চি জনগণকে এই অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভের আহ্বান জানিয়েছেন।

সোমবার ভোরে অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। রাজধানী নেপিডো ও প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করে সামরিক বাহিনীর সদস্যরা। দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এরপর সকালে আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের খবর নিশ্চিত করে সেনাবাহিনী। সূত্র: আল জাজিরা।

আরও পড়ুন:

মিয়ানমারে সামরিক অভ্যুত্থান, জরুরি অবস্থা জারি
মিয়ানমারে অভ্যুত্থান-পরবর্তী সেনা বিবৃতিতে যা বলা হয়েছে
সু চি-কে ছেড়ে না দিলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের তীব্র নিন্দা জাতিসংঘের
মিয়ানমারের ব্যাংকগুলোতে সব ধরনের আর্থিক পরিষেবা স্থগিত
সু চিকে আটক করেছে সেনাবাহিনী

/এমপি/
সম্পর্কিত
মুম্বাইয়ে গাড়িতে ধাক্কা দিয়ে পালাতে গিয়ে পুলিশকেও চাপা দেওয়ার চেষ্টা নারীর
চাকরি না পাওয়ার আক্ষেপ থেকে ১৩০ কোটির ব্যবসা
ইসরায়েলে ইহুদি-আরব জোট সরকারের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ
সর্বশেষ খবর
স্কুল থেকে ফেরার পথে হাত হারানো ছেলেটি পা দিয়ে লিখে এইচএসসিতে পেলো জিপিএ-৫
স্কুল থেকে ফেরার পথে হাত হারানো ছেলেটি পা দিয়ে লিখে এইচএসসিতে পেলো জিপিএ-৫
টিভিতে আজকের খেলা (২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২ নভেম্বর, ২০২৬)
শাল্লায় যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়িতে হামলার অভিযোগে মামলা
শাল্লায় যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়িতে হামলার অভিযোগে মামলা
গুলি করে তাজুল, সাংবাদিক আলিফ হত্যায় নতুন চাঞ্চল্যকর তথ্য
গুলি করে তাজুল, সাংবাদিক আলিফ হত্যায় নতুন চাঞ্চল্যকর তথ্য
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত