রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র সৈয়দ সাদমান সাকিব রাফা (১৪) পুকুরে ডুবে মারা গেছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে রাজশাহী নগরীর চকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। তিনি তালাইমারি এলাকার মৃত সৈয়দ সাইফুল আরিফের ছেলে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক আলী আহসান বলেন, বন্ধুদের সঙ্গে পুকুরে নামতে গিয়ে পা পিছলে তিনি পানিতে ডুবে যান। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। জানাযা শেষে রাফাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কবরস্থানে দাফন করা হয়।
রাফার বন্ধুরা জানান, শুক্রবার চকপাড়ায় তাদের এক বন্ধুর বাসায় সবার দাওয়াত ছিলো। সেখানে গিয়ে দুপুরে বন্ধুদের অনেকেই চকপাড়ায় পুকুরে গোসল করতে যায়। যারা সাঁতার জানে তারা পুকুরে নেমেছিল। আর রাফাসহ তিনজন সাঁতার জানতো না। তারা শুধু পা ভিজানোর জন্য পুকুরের সিড়ি বেয়ে নামছিল। কিন্তু পুকুরের সিঁড়ি পিচ্ছিল হওয়ায় রাফা পা পিছলিয়ে পড়ে যায়। রাফাকে ধরতে গিয়ে বাকি দুজনও পড়ে যায়। সঙ্গে সঙ্গে সবাই তলিয়ে যায়। যারা সাঁতার জানতো তারা তিনজনকেই উদ্ধার করলেও রাফার অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
/এসএনএইচ/







