পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল কবীর সিকদা
রের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি আহত হয়েছেন। রবিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ আনোয়ারুল কবীরকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এজন্য বর্তমান কাউন্সিলর আ. ছালাম মধুর ছেলে অন্তু ও তার সহযোগীদের দায়ী করা হয়েছে।
আনোয়ারের ভাগ্নে আমিনুল ইসলাম বাবু বলেন, ‘আমার মামা কাজ শেষে রবিবার রাত ১০টার দিকে বাড়ি ফেরেন। এসময় তিনি বাড়ির বেড়ার কাছে লোকজনের কথা শুনতে পান। এগিয়ে গিয়ে দেখতে পান কাউন্সিলর আ. ছালাম মধুর ছেলে অন্তু তার সহযোগীদের বলছে কেরোসিন ঢাল। এসময় অন্তুর সঙ্গের লোকজন বেড়ায় কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। তখন তিনি চিৎকার করে এগিয়ে গেলে অন্তু লোহার পাইপ দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। মামা আগুনে দগ্ধ হন। এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলে।’
পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশির রঞ্জন অধিকারী জানান, আনোয়ারুল কবির সিকদারের দু’হাত পুড়ে গেছে। এছাড়া তিনি পায়ে আঘাত পেয়েছেন। ভেঙেছে কিনা তা এক্স-রে করার আগে বলা যাবে না।
আনোয়ারুল কবীরের বাড়িতে আগুন লাগানোর অভিযোগের বিষয়ে অন্তুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাকে না পেয়ে তার বাবা ৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আ. ছালাম মধুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই অভিযোগ ভিত্তিহীন।’
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।
/জেবি/এসটি/








