সিরাজগঞ্জের মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ বাসযাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কামারখন্দ উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের কোনাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি রাকিবুল ইসলাম জানান, নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে ৫/৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের কড্ডা ট্রাফিক ফাঁড়ির ইন্সপেক্টর আবেদ আলী জানান, ঢাকা থেকে রাজশাহীগামী দেশ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৬৯৭৩) সঙ্গে মুরগির খাবার বোঝাই ঢাকাগামী অপর একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৬-৬১৮৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ বাস যাত্রী নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ব্যক্তি মারা যান।
তিনি আরও জানান, বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) থানা ও ট্রাফিক পুলিশ এবং দমকল বাহিনীর লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে হতাহতদের কারও নাম-পরিচয় জানা যায়নি।
/এমও/টিএন/আপ-এসএনএইচ/







