নীলফামারীতে দুই মাস ধরে নিখোঁজ ছেলে নুরে আলমের (২৩) সন্ধানের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন তার অসহায় মা নুর নাহার ও পরিবার সদস্যরা।
সোমবার (১৩ জুন) সকাল ১১টায় নীলফামারী পৌরশহরের উকিলের মোড় মহল্লার নিজ বাসভবনে নুরে আলমের পরিবারের পক্ষে মা নুর নাহার এই সংবাদ সম্মেলনে করেন।
তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন তার স্বামী আব্দুল কাদের ইয়াকুব আলী মারা যাওয়ার পর অতি কষ্টে ছেলে মেয়েকে মানুষ করছেন। তার বড় ছেলে নুরে আলম নীলফামারী সরকারি কলেজে রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, চলতি বছরের ১১ এপ্রিল গভীর রাতে কিছু লোক প্রশাসনের পরিচয় দিয়ে নুরে আলমকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তিনি বাধা দিতে গেলে ২০ মিনিট পর তার ছেলেকে ফেরত দেবে জানিয়ে নিয়ে যাওয়া হলেও গত দুই মাসেও তার ছেলের কোন সন্ধান পাননি তিনি।
এ ঘটনায় তিনি নীলফামারী থানায় একটি জিডি এবং নীলফামারী আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন।
লিখিত বক্তব্যে এই মা উল্লেখ করেন তার ছেলে যদি কোন অপরাধের সাথে জড়িত থাকে তাহলে বাংলাদেশের আদালতে তার বিচার হউক। এতে আদালতের যে কোনও রায় মেনে নিতে প্রস্তুত থাকবেন তিনি।কিন্তু তিনি তার ছেলের সন্ধান চান।
তাই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে তার নিখোঁজ ছেলের সন্ধান দাবি করেন।
সংবাদ সম্মেলনের পরিবারের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিখোঁজ নুরে আলমের দুই ভাই কামরুল ইসলাম নয়ন, শাহিন আলম, বোন ফাতেমাতুজ্জোহরা, চাচাতো ভাই শাহ মো. সাদেক ও বড় চাচা আব্দুস সামাদ।
/টিএন/
আরও পড়ুন:
বিশেষ অভিযানের তৃতীয় দিন: ৩৪ জঙ্গিসহ গ্রেফতার ৩২৪৫








